হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিবেদক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫ ১৮:৩৬ পিএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৫ ১৮:৪৯ পিএম
ভারতের মেঘালয় সীমান্তঘেঁষা হালুয়াঘাটের নলকুড়া গ্রামের বুক চিরে বয়ে গেছে পাহাড়ি ছড়া নদী বোরাঘাট। নদীর উত্তরে উত্তর নলকুড়া, দক্ষিণে ভুটিয়াপাড়া, পশ্চিমে আইলাতলী ও পূ্বে সূর্যপুর গ্রাম। এই গ্রামগুলোর সংযোগস্থলে কোনো সেতু না থাকায় ৩ কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হতো গ্রামবাসীদের।
বর্ষায় দুর্ভোগ বাড়ত কয়েক গুণ। এই দুর্ভোগ লাঘবে নিজস্ব অর্থায়নে ১৩৫ ফুট কাঠের সেতু তৈরি করে দিয়েছেন ওমর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য সালমান ওমর রুবেল।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকালে তিন গ্রামের সংযোগস্থল নলকুড়া এলাকায় এই সেতু নির্মাণ করা হয়। এই সেতুটি তৈরি হওয়ায় ওই এলাকার মানুষের কিছুটা হলেও দু্র্ভোগ লাঘব হবে বলে জানায় স্থানীয়রা।
স্থানীয়রা জানান, হালুয়াঘাটের গাজীরভিটা ইউনিয়নে ভারত সীমান্তঘেঁষা গ্রাম নলকুড়া। এই গ্রামের উত্তরে ভারতের মেঘালয় রাজ্য। পাহাড়ি গ্রাম নলকুড়ার মধ্যবর্তী বোরাঘাট নদীতে কোনো সেতু না থাকায় নদী পারাপারে মানুষের বছরজুড়েই ভোগান্তি পোহাতে হতো। নদীর তীরবর্তী ভুট্টিয়াপাড়া, নলকুড়া ও আইলাতলী এলাকার কয়েক হাজার মানুষের দুর্ভোগের সীমা ছিল না। ৩ কিলোমিটার ঘুরে নলকুড়া ভুট্টিয়াপাড়া গ্রামের মানুষকে যাতায়াত করতে হতো হালুয়াঘাট সদরে।
স্থানীয় বাসিন্দা আবদুল গণি জানান, ‘ভাই মাইনষেরে পাই ধরাই বাহি রাহিনাই আর সবই কইছি কেউ পারাপারের ব্যবস্থা কইরা দিল না। একদিন রুবেল সাহেব আমগো দুঃঘ দেইখ্যা যায়া কাঠের ব্রিজ বানাই দিছে আমরা অনেক খুশি।’
এ ব্যাপারে সালমান ওমর রুবেল বলেন, নলকুড়া গ্রামের মানুষের নদী পারাপারে ভোগান্তির বিষয়টি জানার পর ব্যক্তিগতভাবে এলাকাবাসীর সহযোগিতায় কাঠের সেতু নির্মাণ করেছি। আমি দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি, এসব কাজে আমি আনন্দ পাই।