মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫ ১৭:১০ পিএম
কিশোরগঞ্জের কটিয়াদীতে খাদে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লিমন (২৬) এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার লোহাজুরী ইউনিয়নের মধ্য পূর্বচর পাড়াতলা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত লিমন লোহাজুরী ইউনিয়নের মধ্য পূর্বচর পাড়াতলা গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে লিমন ও নাঈম দুই বন্ধু মিলে বাড়ির পাশের একটি গর্ত থেকে মাছ শিকারে যান। এর পাশেই ছিল বিদ্যুৎ চালিত একটি মটার পাম্প। পাইপ লাগিয়ে পানি সেচ দেওয়ার সময় পানিতে বিদ্যুৎ ছড়িয়ে মুহুর্তে দুজন বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে দুজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে কটিয়াদী সরকারি হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক লিমনকে মৃত ঘোষণা করেন। আহত নাঈম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত লিমনের বাবা কুদ্দুস জানান, ছয়মাস আগে সৌদি আরব থেকে দেশে এসে বিয়ে করেছিল সে, তার স্ত্রী তিনমাসের অন্তঃসত্ত্বা। আজ সকালে দুই বন্ধু মাছ ধরতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়, খবর পেয়ে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কটিয়াদী মডেল থানার এসআই সুলতান বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন।