চাটমোহর (পাবনা) প্রতিবেদক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫ ১৪:২৪ পিএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৫ ১৫:১৭ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনের মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল করেছেন চাটমোহর উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের একাংশের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৭টায় পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তারা মশাল মিছিল নিয়ে পুরো শহর প্রদক্ষিণ করে। এ মিছিলে নেতৃত্ব দেন চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা এবং এমপি কে এম আনোয়াররুল ইসলাম। তাদের দাবি- বিএনপি মনোনীত প্রার্থী কৃষিবিদ হাসান জাফরি তুহিনকে “বহিরা গত” আখ্যা দিয়ে মনোনয়ন বাতিলের দাবিতে এই আসনে স্থানীয় কোনো নেতাকে প্রার্থী করা হোক। যদি প্রার্থী পরিবর্তন না করা হয় তবে স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন বলে হুঁশিয়ারি দেন তারা।
এ সময় বক্তব্য রাখেন, সাবেক এমপি ও চাটমোহর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কে এম আনোয়ারুল ইসলাম, সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরাসহ আরও অনেকেই।
বক্তব্যে হাসাদুল ইসলাম হীরা আরও বলেন, ‘মাঝে মাঝে আপনারা বলেন বহিষ্কার করে দেব। ওই ভয় দেখিয়ে লাভ নেই। দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের দমন-পীড়ন, পুলিশের সঙ্গে লড়াই করে নিজের পায়ে দাঁড়িয়েছিলাম। আপনার পায়ে ভর করে দাঁড়িয়েছিলাম না। চাটমোহরবাসীর ভালোবাসায় টিকে আছি আগামীতেও থাকব ইনশাল্লাহ। জুজুর ভয় দেখাবেন না। বহিষ্কার করতে চান করে দেন। প্রয়োজনে রাজনীতি করব না। তবুও একটা কথা স্পষ্ট বলে দিতে চাই, আমাদের বাধ্য করবেন না। আমরা চাইলে বহিরাগত কাউকে আশ্রয় প্রশ্রয় না দিয়ে চাটমোহর থেকে বিতাড়িত করে দিতে পারি এক ঘণ্টার মধ্যে। দল যদি প্রার্থী পরিবর্তন না করে তাদের সিদ্ধান্তে অটল থাকে তাহলে আপনারা নিশ্চিত থাকেন, হয় চাচা, না হয় ভাতিজা, আমরা যে কোনো একজন নির্বাচন করবই’। পরে জিরো পয়েন্ট এলাকায় গিয়ে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে মশাল মিছিলটি শেষ হয়।