জয়পুরহাট প্রতিবেদক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫ ২১:৫১ পিএম
জয়পুরহাট রেলস্টেশনে নির্ধারিত যাত্রা বিরতি শেষে রওনা হওয়ার পরপরই রাজশাহী থেকে ছেড়ে আসা আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার তিন ঘণ্টা পর ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে রেলস্টেশন এলাকায় ইঞ্জিন বিকল হয়ে যায়। তিন ঘণ্টা পর উদ্ধারকারী ইঞ্জিনের মাধ্যমে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। কয়েক ঘণ্টা ট্রেনটি বিকল থাকায় শতশত যাত্রী চরম ভোগান্তিতে পড়েন।
জয়পুরহাট রেলস্টেশন সূত্রে জানা গেছে, রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে চিলাহাটিগামী আন্ত:নগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি সন্ধ্যা ৬টা ৭ মিনিটে স্টেশনের এক নম্বর প্লাটফর্মে প্রবেশ করে। যাত্রা বিরতি শেষে ৬টা ১৭ মিনিটে ট্রেন ছাড়ার পরপরই সেটির ইঞ্জিনে ত্রুটি দেখা যায় এবং থেমে যায়। পরে পার্বতীপুর থেকে একটি উদ্ধারকারী ইঞ্জিন এসে বিকল ইঞ্জিনটি স্টেশনের তিন নম্বর লাইনে আনা হয়। প্রায় তিন ঘণ্টা পর রাত ৯টা ১০ মিনিটে জয়পুরহাট স্টেশন থেকে ট্রেনটি চিলাহাটির উদ্দেশে যাত্রা করে।
জয়পুরহাট রেলস্টেশন মাস্টার আব্দুর রাজ্জাক বলেন, ট্রেনটি স্টেশন থেকে ছাড়ার পরেই ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, এতে ইঞ্জিনটি বন্ধ হয়ে যায়। পরে পার্বতীপুর থেকে উদ্ধারকারী ইঞ্জিনের জন্য খবর দেওয়া হয়। সেই ইঞ্জিনের মাধ্যমে রাত ৯টা ১০ মিনিটে ট্রেনটি নির্দিষ্ট গন্তব্যে ছেড়ে যায়।