কুড়িগ্রাম প্রতিবেদক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫ ২১:৩৪ পিএম
প্রতিকী ছবি।
কুড়িগ্রামের নাগেশ্বরী ফায়ার সার্ভিস স্টেশনের গাড়ি চালক জাহিদ আহমেদের (৩৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের পাশে ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত জাহিদ রংপুরের কাউনিয়া থানার মোহাম্মদ আলী শহীদের ছেলে। দুই বছর ধরে স্ত্রী-সন্তান নিয়ে নাগেশ্বরীতে স্থানীয় শামসুল হক বেপারির বাড়িতে ভাড়া থাকতেন।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে অফিস থেকে বাসায় ফিরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।
বাড়ির মালিক শামসুল হক জানান, সকালে জাহিদের স্ত্রী ৬ বছরের মেয়েকে নিয়ে স্কুলে যান। সেসময় জাহিদও ডিউটিতে যান। পরে দুপুরে তার স্ত্রী সন্তানসহ স্কুল থেকে ফিরে দেখেন কক্ষের দরজার সামনে বারান্দার চালের কাঠের সঙ্গে রশিতে ফাঁস লাগিয়ে ঝুলে আছেন জাহিদ।
জাহিদের স্ত্রীর বরাতে পুলিশ জানায়, অনলাইন জুয়ায় আসক্তির কারণে গাড়িচালক জাহিদ প্রায় ১০ -১২ লাখ টাকা ঋণ হয়েছিল। এর পর থেকে হতাশায় ভুগছিলেন তিনি, সম্ভবত হতাশা থেকে আত্মহত্যার পথ বেছে নেন জাহিদ আহমেদ।
ওসি রেজাউল করিম রেজা বলেন, প্রাথমিকভাবে এটা আত্মহত্যা বলে মনে হচ্ছে, অপমৃত্যু মামলা নথিভুক্ত করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক (অ.দা) এনামুল হক বলেন, গাড়ি চালক জাহিদ ঋণগ্রস্ত ছিলেন বলে জানতে পেরেছি, অনলাইন জুয়ায় আসক্তির বিষয়টি আমার জানা নেই।