রমেক হাসপাতাল
রংপুর অফিস
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫ ২০:৩১ পিএম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৫ ২০:৫৩ পিএম
রোগীদের সঠিক চিকিৎসা, রোগী ও স্বজনদের দুর্ভোগ নিরসন, পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করাসহ দালালদের দৌরাত্ম্য রোধে সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিচ্ছন্নতা ও সংস্কার আন্দোলন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সংগঠক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগের ইনচার্জ ডা. মারুফুল ইসলাম, সার্জারি বিভাগের ডা. আব্দুল বাছেত, হাসপাতালের নার্সেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মচারী, মেডিকেল টেকনোলজিস্ট ও শিক্ষার্থীদের সমন্বয়ে এই সংস্কার আন্দোলন কর্মসূচি পরিচালনা করা হবে। হাসপাতালে নির্ধারিত নিজ কর্মঘণ্টার বাইরে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আগ্রহী কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে গঠিত এ কমিটি হাসপাতাল প্রশাসনের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। চিকিৎসার যথাযথ পরিবেশ ফিরিয়ে আনতে পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ দীর্ঘদিন ধরে চলে আসা অব্যবস্থাপনা ও দুর্ভোগের প্রতিটি অভিযোগ সরেজমিন বিশ্লেষণ করে প্রকৃত কারণ অনুসন্ধান ও সম্ভাব্য সমাধানের উপায় বের করতে হাসপাতাল প্রশাসনকে সুপারিশ করবে।
প্রাথমিকভাবে হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, রোগীকে সেবা দিতে বিভিন্ন স্তরে আর্থিক লেনদেন বন্ধ করা, চিকিৎসাসেবার সঙ্গে জড়িতদের চিকিৎসক, নার্সদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে সুপারিশ, দালালের দৌরাত্ম্য বন্ধ করাসহ নানা উদ্যোগের কথা জানানো হয়।
এরপর ১০টি সুপারিশ সংবলিত একটি স্মারকলিপি হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমানের কাছে জমা দেন আন্দোলনকারীরা।