রংপুর অফিস
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫ ২০:২৮ পিএম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৫ ২০:৫৬ পিএম
স্বতন্ত্র নার্সিং প্রশাসন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে অন্য অধিদপ্তরের সঙ্গে একীভূতের প্রস্তাবের প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে নার্সেস অ্যাসোসিয়েশন ও মিডওয়াইফারি সোসাইটি।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে সমাবেশে বক্তব্য দেনÑ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল নার্সেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম শামীম, সিনিয়র স্টাফ নার্স শাকিলা পারভীন, মনিষা রানীসহ অন্যরা।
এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে স্বতন্ত্র নার্সিং প্রশাসন ও অধিদপ্তরের আওতায় নার্স ও মিডওয়াইফরা চাকরি করে আসছেন। বর্তমানে ভিন্ন মন্ত্রণালয়ে এই অধিদপ্তরকে একীভূত করলে নার্সিং পেশার উন্নয়ন ও মর্যাদা ক্ষুণ্ন হবে। নার্স ও মিডওয়াইফদের পেশাগত নানা সমস্যা সমাধানে জটিলতা তৈরিসহ বৈষম্য সৃষ্টি হবে।
বক্তারা আরও বলেন, নার্সরা হাসপাতালের প্রাণ। করোনাকালে তারা জীবনের ঝুঁকি নিয়ে রোগীদের সেবা দিয়ে গেছে। অথচ নার্সিং পেশার ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয়ের চরম অবহেলা লক্ষ করা গেছে। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করার প্রস্তাবে বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টার কর্মবিরতি পালিত হচ্ছে। এর মধ্যে দাবি আদায় না হলে আগামী ২ ডিসেম্বর থেকে কমপ্লিট শাটডাউনে যেতে বাধ্য হবে নার্সরা। আর এতে চিকিৎসা না পেয়ে রোগীর মৃত্যু হলে তার দায়ভার স্বাস্থ্য মন্ত্রণালয়কে নিতে হবে।