লক্ষ্মীপুর প্রতিবেদক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫ ১৮:২৮ পিএম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৫ ১৮:৫৪ পিএম
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি
বিএনপি ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে না, যারা ভোটের জন্য ধর্মকে পুঁজি করে তাও সমর্থনযোগ্য নয়—এমনই অবস্থান তুলে ধরেছেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে ভোটার টানতে বিভিন্ন রাজনৈতিক দল ধর্ম নিয়ে বিভিন্ন বক্তব্য তুলে ধরছে, যা নিয়ে নানা মহলে আলোচনা-সমালোচনা চলছে; এই প্রেক্ষাপটে কথা বলতে গিয়েই বিএনপির এই যুগ্ম-মহাসচিব এমন বক্তব্য দেন লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরভূতা গ্রামে এক উঠান বৈঠকে।
নারী ভোটারদের নিয়ে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরের এই আয়োজনে রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মকে ব্যবহারের বিরোধিতা করে বক্তব্য দেন চৌধুরী এ্যানি।
তিনি বলেন, ‘আমরা ধর্মান্ধ নই, আমরা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করি না। যারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে, তারা আজ জান্নাতের কথা বলে, জান্নাতের টিকেট দেয়- এটা বিদয়াত, এটা শিরক। আবার তারাই দাঁড়িপাল্লায় ভোট চায়। এই এলাকার মানুষ কখনো শুধু ধর্মান্ধতার কারণে দাঁড়িপাল্লায় ভোট দেয়নি।’
সব ধর্মের মানুষের প্রতি বিএনপির সম্মান ও শ্রদ্ধা আছে বলে উল্লেখ করেন এ্যানি।
তিনি বলেন, ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম- সর্বপ্রথম জিয়াউর রহমান সংবিধানে লিপিবদ্ধ করেছেন। জিয়াউর রহমান বিএনপির নাম ইসলামিক দল দেননি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাম দিয়েছেন। কারণ এই ভূখণ্ডে সকল ধর্মের মানুষ বসবাস করে। সকল ধর্মের মানুষের প্রতি আমাদের সম্মান আছে, শ্রদ্ধা আছে।’
উঠান বৈঠকে দলের স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।