টেকনাফ (কক্সবাজার) প্রতিবেদক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫ ১৮:০৭ পিএম
বঙ্গোপসাগরের অদূরে সেন্টমার্টিনের ছেঁড়াদিয়ায় মাছ শিকারে যাওয়া দুটি ট্রলারসহ ১২ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সদস্যরা।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোরে সেন্টমার্টিনের ছেড়াদিয়ার পূর্বে মাছ শিকারে গেলে এ ঘটনা ঘটে। ট্রলার দুটি মালিক সেন্টমার্টিনের বাসিন্দা মো. ইলিয়াস ও নুর মোহাম্মদ।
এ তথ্য নিশ্চিত করে ট্রলার মালিক নুর মোহাম্মদ বলেন, বুধবার (২৬ নভেম্বর) কবির মাঝির নেতৃত্বে ৬ জেলে আমার ট্রলার নিয়ে সেন্টমার্টিনের ছেঁড়াদিয়ায় মাছ শিকারে গেলে বোটের ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে বৃহস্পতিবার ভোরে ছেঁড়াদিয়ার কাছাকাছি এলাকা থেকে ছয় জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। এ ঘটনায় ট্রলার মালিক ও জেলেরা আতঙ্কে রয়েছে।
জানতে চাইলে সেন্টমার্টিন ফিশিং ট্রলার সমবায় সমিতির সভাপতি আজিম উদ্দিন বলেন, বঙ্গোপসাগরে মাছ শিকারে যাওয়া আমার ঘাটের দুটি ট্রলারসহ ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। এ ঘটনায় জেলেদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এর আগে বিভিন্ন সময়ে সাগরে মাছ শিকারে যাওয়া দেড় শতাধিক জেলেকে আটক করেছিল আরাকান আর্মি। সেই জেলেরা এখনো তাদের হেফাজতে রয়েছে।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, দুটি ট্রলারসহ ১২ জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি, ধরে নিয়ে যাওয়া জেলেদের বিষয়ে আইনশৃঙ্খলাবাহিনীকে অবহিত করা হয়েছে।