পশ্চিমাঞ্চল রেলওয়ে
রাজু আহমেদ, রাজশাহী
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫ ০৯:০৩ এএম
রাজশাহী থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের মধ্যে যাত্রীদের টিকিট তল্লাশি করছেন পশ্চিমাঞ্চল রেলের টিকিট চেকার। সম্প্রতি তোলা। প্রবা ফটো
বিনা টিকিটে রেল ভ্রমণকারী যাত্রীদের কাছ থেকে দেড় বছরে প্রায় সাড়ে ৯ কোটি টাকা জরিমানা আদায় করেছে পশ্চিমাঞ্চলের রেল কর্তৃপক্ষ। রেলের সেবার মান বাড়াতে টিকিটবিহীন যাত্রীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাচ্ছে পশ্চিমাঞ্চল রেল বিভাগ। সেই সঙ্গে শতভাগ টিকিটে যাত্রী পরিবহনে নেওয়া হয়েছে সময়োপযোগী পদক্ষেপ। রেল কর্মকর্তারা বলেন, যাত্রীদের সচেতনতা বাড়ানো এবং ট্রেনকে নিয়ম-শৃঙ্খলায় আবদ্ধ করে সেবা বজায় রাখাই এ উদ্যোগের আসল উদ্দেশ্য। রেলের নানা পদক্ষেপে বিনা টিকিটে ভ্রমণ কমে এসেছে। রাজস্ব আয়ও দ্রুত বাড়ছে বলে তারা মন্তব্য করেন।
পশ্চিমাঞ্চল রেলওয়ের দেওয়া তথ্যমতে, ২০২৪-২৫ এবং চলতি ২০২৫-২৬ অর্থবছরে সেপ্টেম্বর পর্যন্ত মোট ১৭ মাসে মোট ৯ কোটি ৩০ লাখ টাকার জরিমানা আদায় করা হয়েছে। এ টাকা সরকারি কোষাগারে জমা পড়েছে। যেখানে ২০২৪-২৫ অর্থবছরে ৭ কোটি ১৩ লাখ টাকা এবং ২০২৫-২৬ অর্থবছরে তিন মাসে তারা ২ কোটি ১৭ লাখ টাকার জরিমানা আদায় করেছেন।
যাত্রীসেবার মান উন্নত করা এবং রাজস্ব বৃদ্ধি নিশ্চিত করতে নিয়মিতভাবে ট্রেনের কোচগুলোয় টিকিট চেকিং টিম দায়িত্ব পালন করছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিনা টিকিট, জাল টিকিট ও অনিয়মে জড়িত যাত্রীদের বিরুদ্ধে জরিমানা ও শাস্তির ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রেলের নিয়মিত যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, সড়কের যানজট ও দুর্ঘটনার ঝুঁকি এড়িয়ে ট্রেনে যাতায়াতকে তারা গুরুত্ব দিচ্ছেন। বিশেষ করে দীর্ঘ দূরত্বের যাত্রায় ট্রেন সাশ্রয়ী ও দ্রুত ভ্রমণের সুবিধা এনে দেয়। সেজন্য তারা অন্য বাহনের তুলনায় ট্রেনযাত্রাকে প্রাধান্য দিচ্ছেন বেশি। রেল কর্তৃপক্ষ আশা করছে, চলমান উন্নয়ন কার্যক্রম শেষ হলে যাত্রী ও রাজস্ব দুটোই আরও বাড়বে।
পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্মকর্তারা বলেন, অভিযান অব্যাহত থাকবে। ট্রেনের সেবা সবার জন্য নিরাপদ ও স্বচ্ছ করতে যাত্রীদের নিয়ম মেনে ভ্রমণের আহ্বান জানানো হয়েছে। রেলের সেবার মান বাড়ায় এর যাত্রীও বেড়েছে। নতুন ট্রেন সার্ভিস, সময়সূচি মেনে ট্রেন চলা, নিরাপদ ভ্রমণ সুবিধা এবং উন্নত সেবা নিশ্চিত করায় প্রতিদিন হাজারও যাত্রী ট্রেনে চেপে বসছেন।
যাত্রী বাড়ার সঙ্গে সঙ্গে আয়ও বাড়ছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। যেখানে ২০২৪-২৫ অর্থবছরে পশ্চিমাঞ্চল রেলওয়ের যাত্রী সংখ্যা ছিল ৩ কোটি ৫০ লাখ এবং ২০২৫-২৬ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ৮ কোটি ২৮ লাখে। আগের তুলনায় যাত্রী সংখ্যা গড়ে বেড়েছে প্রতিমাসে ৩ লাখ ৩৯ হাজার।
রেলের কর্মকর্তারা আরও জানান, অনলাইনে টিকিট বিক্রির সুবিধা, কোচ নবায়ন, স্টেশন উন্নয়নের কাজ এবং নিরাপত্তা জোরদার করার কারণে যাত্রীসংখ্যা এখন অনেক বেশি। ক্রমবর্ধমান যাত্রী চাপ সামাল দিতে কিছু রুটে নতুন ট্রেন চালুর বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের অতিরিক্ত মহাব্যবস্থাপক সুজিত কুমার বিশ্বাস বলেন, রেলে আগের তুলনায় যে রকম যাত্রী বেড়েছে, আবার অনেকে টিকিট ছাড়াই যাত্রা করছেন। এতে আথির্ক ক্ষতি বয়ে আনছে। তাই আমরা আগের তুলনায় রেলে টিকিটবিহীন যাত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ জোরদার করেছি। আমাদের এই অভিযান চলবেই। আশা করছি যাত্রীরা সব নিয়ম মেনে টিকিট কেটে যাত্রা করবেন এবং রেলের সব নিয়মকানুন মেনে চলবেন।
পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ বলেন, রেলের প্রতি মানুষের আস্থা ফিরেছে। যাত্রী বাড়ছে আর সেই সঙ্গে সরকারের রাজস্বও বাড়ছে। ভবিষ্যতে রেলের আরও উন্নয়ন ও আধুনিকায়নের পরিকল্পনা রয়েছে। আমরা যাত্রীদের ভ্রমণ সুবিধার কথা বিবেচনায় রেখে সুনির্দিষ্ট কিছু পরিকল্পনা নিয়েছি। এগুলোর কাজ শেষ হলে রেল ভ্রমণ আরও আরামদায়ক ও নিরাপদ হবে।