ময়মনসিংহ অফিস
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫ ২৩:৩১ পিএম
ময়মনসিংহ নগরীতে ট্রাফিক পুলিশ বক্সের সামনে ছুরিকাঘাতে রেদুয়ান জাহান রিয়াদ (২৮) নামে এক যুবদল কর্মীকে হত্যা করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) বিকাল ৩টার দিকে নগরীর পাটগুদাম বীজ মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত রেদুয়ান জাহান রিয়াদ নগরীর কালিবাড়ি এলাকার মো. সাইদুল হক খানের ছেলে। মহানগর যুবদলের কর্মী ছিলেন তিনি।
নিহতের বাবা সাইদুল হক বলেন, পাটগুদাম অস্থায়ী পুলিশ বক্সের ভেতরে আমার ছেলে আহত অবস্থায় অনেকক্ষণ পড়েছিল, কিন্তু কেউ তাকে বাঁচাতে আসেনি। তবে কি কারণে, কে বা কারা তাকে হত্যা করেছে, তা এখনো জানতে পারিনি। আমার ছেলে যুবদল নেতা ইনছানের সঙ্গে রাজনীতি করত, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে খুনিদের ধরে বিচার করার দাবি জানান তিনি।
ময়মনসিংহ মহানগর যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ইনছান বলেন, রিয়াদ যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, তাকে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ শফিক উদ্দিন বলেন, বিকাল সাড়ে ৩টার দিকে ওই যুবককে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়, চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৫টার দিকে মারা যান তিনি। তার হাঁটুর ওপরে ছুরিকাঘাত করা হয়, অতিরিক্ত রক্তক্ষণে মৃত্যু হয়েছে বলে জানান তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি, ছিনতাইকারী একটি চক্রের মধ্যে বিরোধের জেরে ছুরিকাঘাতের এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।