দিনাজপুর প্রতিবেদক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫ ২১:৫২ পিএম
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচন কোনো ধরনের ঝামেলা ছাড়াই সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী হলেও একটি দল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, তারা বলছে- একদিনে জাতীয় নির্বাচন ও গণভোট হলে দেশে জেনোসাইড হবে, জেনোসাইড মানে গণহত্যা। ’৭১ সালে গণহত্যার সহযোগী ছিল দলটি, এখন গণহত্যা করতে দেওয়া হবে না।
বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরের সুইহারীবাজারে নির্বাচনী পথসভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, আগামী দিনে দেশে উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করতে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। দিনাজপুর-৪ আসনে জনপ্রিয় নেতা আখতারুজ্জামান মিয়াকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
তিনি আরও বলেন, বিএনপি নেত্,রী দেশনেত্রী বেগম খালেদার জন্য সবাই দোয়া করবেন, তাকে দিনাজপুরে বিপুল ভোটে জয়যুক্ত করে উত্তরাঞ্চলে উন্নয়ন করার সুযোগ করে দিবেন।
দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের সাবেক এমপি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ মো. আখতারুজ্জামান মিয়ার সভাপতিত্বে নির্বাচনী পথসভায় খানসামা বিএনপি নেতা আমিনুল ইসলাম চৌধুরী বিএসসি, যুগ্ম আহ্বায়ক সাইদ আহমেদ সেলিম বুলবুল, সফিকুল ইসলাম, রবিউল আলম তুহিন, সাখাওয়াত হোসেন লিটন, চিরিরবন্দর বিএনপি নেতা নুর আলম সরকার দুলু,আলহাজ মমিনুল ইসলামসহ অনেকে বক্তব্য দেন।
পথসভায় দিনাজপুর জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলসহ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।