রংপুর প্রেস ক্লাব
রংপুর অফিস
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫ ১৯:১৭ পিএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৫ ১৯:২০ পিএম
রংপুর প্রেস ক্লাবে প্রশাসকের মাধ্যমে নতুন সদস্যভুক্তি নিয়ে রংপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের আদেশ স্থগিত করেছে উচ্চ আদালত।
বুধবার (২৬ নভেম্বর) দুপুরে নগরীর সেন্ট্রাল কনভেনশন সেন্টারে প্রেস ক্লাব মামলার আইনজীবি জোবাইদুল ইসলাম, মাহে আলম ও মোকছেদ বাহলুল জানান, নিবন্ধন নিয়ে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে প্রেস ক্লাব প্রশাসক নিয়োগ ও তর্কিত প্রশাসকের কার্যক্রমকে বাতিল করতে উচ্চ আদালতে মামলা চলমান রয়েছে।
এর মধ্যে রংপুর জেলার সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের ইন্ধনে প্রেস ক্লাবের তর্কিত প্রশাসক অতিউৎসাহী হয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সদস্যভুক্তি করেছেন। এনিয়ে একটি মিস কেস করা হলে আদালত প্রশাসকসহ প্রতিপক্ষের কাছে নিষেধাজ্ঞা সত্ত্বেও কেন প্রেস ক্লাবে সদস্য নেওয়া হলো তা জানতে চেয়েছেন। অপরদিকে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ থাকা সত্ত্বেও রংপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ সদস্যভুক্তি নিয়ে নিম্ন আদালতের নিষেধাজ্ঞা বাতিল করেছেন। এ রায়ের বিরুদ্ধে প্রেস ক্লাব কমিটি উচ্চ আদালতে আবেদন করলে গত ১৭ নভেম্বর বিচারপতি মাহমুদুল হক রংপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের আদেশ ৬ মাসের জন্য স্থগিতসহ প্রতিপক্ষের বিরুদ্ধে রুল জারি করেন।
এ আদেশের মাধ্যমে তর্কিত প্রশাসকের নেওয়া ১০৫ জন নতুন সদস্যভুক্তি নিয়ে প্রশাসকের সব কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত হয়ে গেছে। দ্রুতই উচ্চ আদালতের মাধ্যমে ন্যায় বিচার পেয়ে রংপুর প্রেস ক্লাবের ওপর সমাজসেবা অধিদপ্তরের অবৈধ হস্তক্ষেপ নিরসন হবে বলে জানান আইনজীবীরা।
আইনজীবী জোবাইদুল ইসলাম বলেন, প্রেস ক্লাবে তর্কিত প্রশাসকের সদস্যভুক্তি নিয়ে উচ্চ আদালত আদেশের পরিস্কারভাবে বলা হয়েছে যে, সদস্য নেওয়ার ব্যাপারে আগের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত নিম্ন আদালতের যে নিষেধাজ্ঞা বাতিল করেছিলেন, সেই আদেশ স্থগিত করেছেন উচ্চ আদালত। এর মাধ্যমে প্রেস ক্লাবে সদস্যভুক্তির কোনো সুযোগ নেই। প্রশাসকের মাধ্যমে কমিটি করারও কোন সুযোগ নেই। সেই সঙ্গে প্রেস ক্লাব তাদের বসানোরও কোন সুযোগ নেই।