কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫ ১৮:১৪ পিএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৫ ১৮:৩৭ পিএম
কুমিল্লার নাঙ্গলকোটে আগ্নেয়াস্ত্রসহ যুবদল ও ছাত্রদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার ঢালুয়া ইউনিয়নের চিওড়া তেজেরবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- চিওড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ইউনিয়ন যুবদল নেতা আনোয়ার হোসেন (২৯) ও আলী হোসেনের ছেলে ইউনিয়ন ছাত্রদল নেতা নাসির (২২)। অভিযানের সময় তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে যৌথবাহিনী।
নাঙ্গলকোট সেনাক্যাম্পের ক্যাপ্টেন মাহমুদ জানান, মঙ্গলবার
রাতে উপজেলার চিওড়া তেজেরবাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময়
সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় আনোয়ার ও নাসিরকে গ্রেপ্তার করা হয়। পরে তল্লাশি চালিয়ে
তাদের কাছ থেকে একনলা বন্দুক উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে তাদের নাঙ্গলকোট থানায় হস্তান্তর
করা হয়েছে।
ঢালুয়া ইউনিয়ন বিএনপি সভাপতি ইসহাক মজুমদার ফোন রিসিভ
করে সাংবাদিক পরিচয় জানার পর কথা না বলায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বলেন, যৌথবাহিনী গ্রেপ্তার করে দুই যুবককে থানায় হস্তান্তর করেছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে।