প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫ ১৭:২২ পিএম
হত্যা মামলা ও একাধিক ওয়ারেন্টভুক্ত জেল পলাতক আসামি মো. মাসুদ (২৭)–কে গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
বুধবার (২৬ নভেম্বর) রাত ১টা ৩০ মিনিটে এটিইউ’র ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের একটি আভিযানিক দল শেরপুর জেলার শ্রীবরদী থানার বিলভরট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত মাসুদের বাড়ি শ্রীবরদী থানার বিলভরট এলাকায়। তিনি ২০২৩ সালের ৫ এপ্রিল ১৩ বছর বয়সী ভ্যানচালক জসীমকে ছুরি দিয়ে হত্যা করে লাশ ধানক্ষেতে ফেলে পালিয়ে যান। পরে চুরি করা ভ্যান বিক্রির সময় স্থানীয়দের সন্দেহে তিনি পুলিশের হাতে ধরা পড়েন। ওই ঘটনায় ভিকটিমের ভাই রুবেল মিয়া বাদী হয়ে শ্রীবরদী থানায় মামলা দায়ের করেন (মামলা নং—১২, ধারা—৩০২/৩৪)। মামলার তদন্ত শেষে ২০২৩ সালের ২ সেপ্টেম্বর তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়, যা বর্তমানে বিচারাধীন।
মাসুদ শেরপুর জেলা কারাগারে আটক ছিলেন (হাজতী নং—১২১২/২৩)। ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর সৃষ্ট অস্থিরতার সুযোগে তিনি কারাগার থেকে পালিয়ে যান। এ ঘটনায় কারা কর্তৃপক্ষ শেরপুর সদর থানায় পৃথক মামলা করে (মামলা নং—১০, ধারা—১৪৩/৪৫৭/১৮৬/৩৩২/৩৫৩/২২৫/৩৮৬/৪৩৬/৪২৭/৩৪)। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।
মাসুদের বিরুদ্ধে শ্রীবরদী থানার আরও দুইটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে (জিআর—২৮৭/২১, জিআর—৭৭/২৩)। আইনগত প্রক্রিয়া শেষে তাকে শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে।