মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫ ১৫:৫২ পিএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৫ ১৫:৫৫ পিএম
আলোচিত নারী উদ্যোক্তা রোবইয়াত ফাতেমা তনির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন তার সাবেক স্বামী সদরুল ইসলাম সোয়েব। তিনি দাবি করেন- তার শিশু সন্তান মানতাহা ইসলাম সানভীকে জোর করে আটকে রেখে বিদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তনি।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ জেলা শহরের আখড়াবাজার এলাকায় সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সদরুল ইসলাম সোয়েব।
এ ব্যাপারে গত ২৪ নভেম্বর কিশোরগঞ্জের ১ নম্বর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে একটি এজহারও দাখিল করেছেন তিনি। আদালত বিষয়টি আমলে নিয়ে আগামী ২২ ডিসেম্বর শুনানির দিন নির্ধারণ করেছেন।
সদরুল ইসলাম সোয়েব কিশোরগঞ্জ জেলা শহরের গাইটাল জেমিনি রোড এলাকার শামসুল ইসলাম রেনুর ছেলে। অভিযুক্ত রোবইয়াত ফাতেমা তনি একই এলাকার মৃত তাহের উদ্দিন আহমেদের মেয়ে। বর্তমানে তিনি ঢাকার বনানী এলাকায় বসবাস করেন।
জানা যায়, ২০১৩ সালের ২৮ জুন রোবইয়াত ফাতেমা তনির বিয়ে হয় সদরুল ইসলাম সোয়েবের সঙ্গে। বিয়ের পর মানতাহা ইসলাম সানভীর জন্ম হয়। বর্তমানে সানভীর বয়স ১১ বছর। পরে তাদের দাম্পত্য জীবনে বনিবনা না হওয়ায় ২০১৮ সালের ১১ ফেব্রুয়ারি বিচ্ছেদ হয়।

সংবাদ সম্মেলনে সানভীর বাবা সদরুল ইসলাম সোয়েব অভিযোগ করে বলেন, সানভী শিশু থাকায় শর্ত অনুযায়ী সে মায়ের কাছেই বড় হতে থাকে। তবে, মাঝে মধ্যে বাবার সঙ্গে মেয়ের দেখা করে দেওয়ার কথা ছিল। কিন্তু তনি আমাদের মেয়ে মানতাহা ইসলাম সানভীকে অন্যায়ভাবে ঢাকায় আটকে রেখেছে। তার সঙ্গে আমার দেখা করার কোনও সুযোগ দিচ্ছে না।
তিনি আরও বলেন, বিচ্ছেদের পর রোবইয়াত ফাতেমা তনি জনৈক শাহাদাত রহমানকে বিয়ে করেন। শাহদাত রহমানের মৃত্যুর পর সিদ্দিক নামে এক ইংল্যান্ড প্রবাসীকে বিয়ে করেন। তনি মেয়েকে নিয়ে সিদ্দিকের সঙ্গে ইংল্যান্ড চলে যাওয়ার চেষ্টা করছেন।
মেয়েকে উদ্ধারে সংশ্লিষ্টদের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান সোয়েব। সেই সঙ্গে তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তার অভিযোগ, তনি শিশুটিকে সামাজিক যোগাযোগমাধ্যমে খারাপভাবে উপস্থাপন করে ব্যবসায়িক উদ্দেশে ভাইরাল করেছে। এতে সে মানসিক ট্রমার মধ্যে পড়েছে।