কচুয়া (চাঁদপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫ ১৩:৩১ পিএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৫ ১৪:০৫ পিএম
চাঁদপুরের কচুয়ায় একটি বেকারিতে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে বেকারিতে থাকা নগদ টাকা ও মালামালসহ প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) ভোরে উপজেলার বিতারা ইউনিয়নের উত্তর শিবপুর বাজারে নাজমুল বেকারি ঘরে এই ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা শাহাব উদ্দিন সরকার জানান, নাজমুল বেকারির মালিক দুই ভাই আবুল হোসেন ও নেছার উদ্দিন দীর্ঘ বিশ বছর যাবত এ ব্যবসা করে আসছেন। ভোরে বেকারির কর্মচারীদের চিৎকার শুনে দৌড়ে আসি। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস মিলে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, ততক্ষণে বেকারি ও নগদ টাকাসহ সব পুড়ে যায়।
স্থানীয় ইউপি সদস্য মো. সুজন মিয়া জানান, আগুনের ঘটনা শুনেই ইউনিয়ন
পরিষদের প্রশাসক ও পিআইও মো. রাকিবুল ইসলাম স্যারকে অবগত করি। স্যারের দিকনির্দেশনায়
সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করি।
কচুয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন ম্যানেজার মাহতাব মন্ডল বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কচুয়া ও মতলব ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে, ততক্ষণে বেকারিটি পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
আগুন লাগার ঘটনায় দুঃখ প্রকাশ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী বলেন, ব্যবসায়ীর খোঁজখবর নেওয়া হচ্ছে। লিখিত আবেদন পেলে সরকারি বরাদ্দ সাপেক্ষে তাকে সহযোগিতা করা হবে।