ফেনী প্রতিবেদক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫ ২০:৩৭ পিএম
ফেনীর পরশুরাম উপজেলার ভারত সীমান্তবর্তী গুথুমা এলাকা থেকে খাঁচাবন্দী ৯০টি শালিক পাখি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৪ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন।
বিজিবি জানায়, এক যুবক বাঁশের খাঁচায় পাখিগুলো নিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছিলেন। টহলরত বিজিবি সদস্যরা তাকে দেখতে পেলে ধাওয়া করেন। এ সময় খাঁচাবন্দী পাখিগুলো রেখে তিনি ভারতে পালিয়ে যান। পরে বিজিবি সদস্যরা খাঁচাবন্দী পাখিগুলো উদ্ধার করে অবমুক্ত করেন।
বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, “গাদাগাদি অবস্থায় ক্লান্ত, নিস্তেজ ও ভীত পাখিগুলো যেন নীরবে সাহায্য চাইছিল। টহল দলের সদস্যরা এক মুহূর্ত দেরি করেননি। সাবধানে খাঁচা খুলে একে একে পাখিগুলোকে মুক্ত আকাশে উড়িয়ে দেন। পাখিগুলোর উড়ে যাওয়ার সেই দৃশ্য যেন সীমান্তের বাতাসে নতুন প্রাণ ফিরে পাওয়ার মুহূর্ত।
তিনি আরও বলেন, এটা বড় কোনো অভিযান নয়, ছিল দায়িত্ববোধ আর মানবিকতার প্রকাশ। বিজিবি বারবার প্রমাণ করেছে—নিরাপত্তার পাশাপাশি সহানুভূতিও তাদের দায়িত্বের অংশ। ছোট এই ঘটনাগুলো মনে করিয়ে দেয় যে সীমান্ত পাহারা শুধু কঠোর দায়িত্ব নয়; কখনো কখনো তা হয়ে ওঠে ডানা ফিরে পাওয়ার গল্প।