নোয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫ ১৯:৫৯ পিএম
আপডেট : ২৪ নভেম্বর ২০২৫ ২০:২১ পিএম
কৃষি যন্ত্রপাতি ক্রয়, কৃষি ঋণ বিতরণ ও ভর্তুকির অর্থ আত্মসাৎসহ একাধিক দুর্নীতির অভিযোগে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ে অভিযানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২৪ নভেম্বর) দুপুর থেকে বিকাল পর্যন্ত দুদক নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল নোমান ও ইন্সপেক্টর মো. ইদ্রিসের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
দুদক সূত্র জানায়, কৃষি অফিসের কিছু
কর্মকর্তা ও কর্মচারীর যোগসাজশে হারভেস্টার মেশিনসহ বিভিন্ন কৃষি যন্ত্রপাতি ক্রয়ে
অনিয়ম, কৃষকদের জন্য বরাদ্দকৃত কৃষি ঋণ, ভর্তুকির টাকা আত্মসাৎ ও রাজস্ব খাত এবং পুষ্টি
বাগান প্রকল্পে অনিয়মের একাধিক অভিযোগ জমা পড়ে। এসব অভিযোগের ভিত্তিতেই হঠাৎ অভিযান
চালায় দুদক।
অভিযান চলাকালে গুরুত্বপূর্ণ নথি ও
কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করে অভিযোগগুলোর প্রাথমিক সত্যতা মিলেছে বলে জানা গেছে।
দুদকের নোয়াখালী কার্যালয়ের সহকারী
পরিচালক আব্দুল্লাহ আল নোমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, অভিযান চলাকালে যেসব
তথ্য-উপাত্ত ও নথি সংগ্রহ করা হয়েছে, সেগুলো যাচাইয়ের জন্য প্রধান কার্যালয়ে পাঠানো
হবে। প্রধান কার্যালয় সেসব পর্যালোচনা করে যে নির্দেশনা দেবে, তার ভিত্তিতেই পরবর্তী
আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।