মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫ ১৮:২৩ পিএম
আপডেট : ২৪ নভেম্বর ২০২৫ ১৮:৪৪ পিএম
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার এক প্রবাসী যুবক ওমর ফারুক (৩৭) নামে সৌদি আরবের এক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।
সোমবার
(২৪ নভেম্বর) দুপুরে কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো. জহিরুল
ইসলাম বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন। এর আগে রবিবার দিবাগত রাতে
বাংলাদেশ সময় রাত ৮টার দিকে সৌদি আরবের জিসান শহরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওমর ফারুক
কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বেতাল গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। তিনি সৌদি
আরবের জিসান শহরে আল মারাই কোম্পানিতে কর্মরত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, সংসারে সচ্ছলতা ফেরাতে চার বছর আগে ফারুক সৌদি আরবে পাড়ি জমান। সেখানে তিনি জিসান শহরে আল মারাই কোম্পানিতে কর্মরত ছিলেন। অফিসের কাজ শেষে বাসায় ফেরার পথে রাস্তা পারাপারের সময় পেছন দিক থেকে একটি দ্রুতগতির কাভার্ডভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওমর ফারুকের স্ত্রী ও দুই কন্যাসন্তান রয়েছে। ওমর ফারুকের মৃত্যুর খবর শুনে তার স্ত্রী-সন্তান ও নিকটাত্মীয়দের মধ্যে শোকের মাতম চলছে। নিহতের স্বজনরা জানান, ওমর ফারুক নম্র, ভদ্র ও পরিশ্রমী ছিলেন। তার এভাবে চলে যাওয়া পুরো এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে।
মসূয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো. জহিরুল ইসলাম জানান, সৌদি আরবে তার সহকর্মীদের সঙ্গে যোগাযোগ রয়েছে। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।