× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সমাজসেবা ডিজি

বয়স্ক ভাতা কেবল অর্থ নয়, এটি প্রবীণদের প্রতি রাষ্ট্রের সম্মান

আঞ্চলিক প্রতিবেদক, সুনামগঞ্জ

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫ ২২:৪৩ পিএম

বয়স্ক ভাতা কেবল অর্থ নয়, এটি প্রবীণদের প্রতি রাষ্ট্রের সম্মান

বয়স্ক ভাতা কেবল আর্থিক সাহায্য নয়, এটি প্রবীণ নাগরিকদের প্রতি রাষ্ট্রের সম্মানের প্রতীক বলেছেন, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ও অতিরিক্ত সচিব মো. সাইদুর রহমান খান। তিনি বলেন, সরকারি খাতায় নাম থাকার মাধ্যমে রাষ্ট্র আপনাদের সম্মানিত করছে, রাষ্ট্র যখন আপনাদের সম্মান দেয়, তখন পরিবার ও সমাজেও আপনাদের মর্যাদা বৃদ্ধি পায়।

রবিবার (২৩ নভেম্বর) সকালে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতার উপকারভোগীদের ‘লাইভ ভেরিফিকেশন (ফেইজ-১)’ কার্যক্রম পরিদর্শনকালে এসব কথা বলেন সমাজসেবা ডিজি। 

এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত তাহিরপুর উপজেলার জয়নাল আবেদীন ডিগ্রি কলেজ ও সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চলমান ভেরিফিকেশন কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

এ সময় উপস্থিত উপকারভোগীদের উদ্দেশ্যে মহাপরিচালক বলেন, টাকার পরিমাণের দিকে না তাকিয়ে বিষয়টিকে সম্মান হিসেবে দেখবেন। সরকার চায় না আপনারা শেষ বয়সে ছেলে-মেয়েদের কাছে বোঝা হয়ে থাকুন। বাবার নাম সরকারি খাতায় আছে জানলে সন্তানরাও গর্ববোধ করবে এবং আপনাদের প্রতি শ্রদ্ধাশীল হবে। সরকারের সামর্থ্য বাড়লে ভাতার পরিমাণও ভবিষ্যতে বৃদ্ধি পাবে।

পরিদর্শনকালে মো. সাইদুর রহমান খান ভেরিফিকেশনের জন্য আসা বয়স্ক নাগরিকদের সাময়িক অসুবিধার কথা উল্লেখ করে বলেন, আমরা সবাই এই কর্মসূচির আমানতদার, এটা রক্ষার স্বার্থেই নিয়ম মেনে স্বচ্ছতা নিশ্চিত করতে হচ্ছে। দূরদূরান্ত থেকে এসে আপনাদের কিছুটা কষ্ট হচ্ছে, তবে এটি একটি সুশৃঙ্খল ব্যবস্থার অংশ। আমরা চাই, আপনাদেরকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে, যাতে কেউ স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলতে না পারেন।

এ সময় উপকারভোগীদের সুখবর দিয়ে তিনি বলেন, এখন থেকে উপকারভোগীরা তাদের সুবিধা মতো যেকোনো মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের মাধ্যমে ভাতার টাকা নিতে পারবেন। তবে সেক্ষেত্রে সীম অবশ্যই নিজের জাতীয় পরিচয়পত্র দিয়ে খুলতে হবে। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা নিলে আপনাদের আর কষ্ট করে ব্যাংকে আসতে হবে না। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেই তখন টাকা সরাসরি চলে আসবে। আপনি আপনার ইচ্ছে মতো যেকোনো সময় টাকা উত্তোলন করতে পারবেন।

সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, দেশের ৮টি বিভাগের ৮টি জেলার ৮টি উপজেলায় একসঙ্গে এই লাইভ ভেরিফিকেশন কার্যক্রম চলছে। সারাদেশের ৮টি জায়গায় টেষ্ট করা হচ্ছে যে, তালিকাটা ঠিকঠাকভাবে প্রস্তুত করা হয়েছে কি না? যারা ভাতা পাওয়ার যোগ্য তারা ভাতা পাচ্ছে কি না? এটা টেস্ট করার জন্যই মূলত এই কর্যক্রম হাতে নেওয়া হয়েছে। তাহিরপুর উপজেলাকে আমরা সিলেক্ট করেছি এ কারণে যে, এই উপজেলায় যোগাযোগ ব্যবস্থা ভালো না, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা সম্পন্ন এলাকায় কিভাবে তালিকা করা হয়েছে তা যাচাই করার জন্যই এখানে লাইভ ভেরিফিকেশন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

পরিদর্শনকালে সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (সামজিক নিরাপত্তা) মো. মোশাররফ হোসেন, সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম, অতিরিক্ত পরিচালক মো. ফরিদ আহমদ মোল্লা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সুচিত্রা রায়, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক একে আজাদ ভূঁইয়া, তাহিরপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. জুনাব আলী, সাংবাদিক তানভীর আহমেদসহ জেলা ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা