ময়মনসিংহ-৩ আসন
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫ ২২:২১ পিএম
ময়মনসিংহের গৌরীপুরে বিএনপি নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং সাবেক গৌরীপুর উপজেলা চেয়ারম্যান আহমেদ তায়েব রহমান হিরণকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ আসনে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে স্থানীয় কৃষাণীরা।
রবিবার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত কৃষাণী সমাবেশে মইলাকান্দা ইউনিয়নের সাহাব উদ্দিনের স্ত্রী ফুলেজা বানু জানান, হিরণ ভাইকে মনোনয়ন দিন। আমরা গেলাম ৯ নভেম্বর ধানের শীষের মিটিংয়ে সেখানে আমাদের ওপর হামলা করা হয়েছে। অনেকেই আহত। এ ঘটনার বিচার চাই। আর হিরণকে মনোনয়ন না দিলে, ঘরের রান্নাবান্নাও বন্ধ করে দেব। কৃষাণী রেজিয়া আক্তার বলেন, হিরণ মনোনয়ন না পেলে, আমরা কেন্দ্রেও যাব না।
শ্যামগঞ্জের মৃত হযরত আলীর স্ত্রী দুঃখের মা (৮৪) জানান, হিরণ আমাদের সন্তান। সে তো দিনরাত আমাদের সঙ্গে থাকে। মরা মরলেও আসে, বিয়ের অনুষ্ঠানেও আসে। এই হিরণের জন্য আঁচল বিছিয়ে দিলাম আপনারা হিরণকে মনোনয়ন দিন।
গোবিন্দপুরের আজিম উদ্দিনের স্ত্রী খাদেজা আক্তার জানান, হিরণ মানেই ধান। তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করুন।
সমাবেশে আরও বক্তব্য রাখেন আব্দুর রহিমের স্ত্রী রাশিদা খাতুন, বাবুল খানের স্ত্রী নাজমুন নাহার, রুকন খানের স্ত্রী লিপি আক্তার, আবুল কাশেমের স্ত্রী জরিনা আক্তার, আব্দুল হেকিমের স্ত্রী জমিলা খাতুন, মৃত সেলিম মিয়ার স্ত্রী তাছলিমা আক্তার, মমতাজ উদ্দিনের স্ত্রী আসমা খাতুন, মৃত কাশেম মিয়ার স্ত্রী জায়েদা খাতুন, নুরুন নাহার প্রমুখ।
ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন। তিনি মনোনয়ন পাওয়ায় তার সমর্থিত নেতাকর্মীরাও ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার জন্য প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।