আদমদীঘি (বগুড়া) প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫ ১৯:৫০ পিএম
রাষ্ট্রের সকল ক্ষেত্রে নারীর অংশগ্রহণের সুযোগ তৈরিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আবদান রেখেছেন বলে মন্তব্য করেছেন দলটির নির্বাহী কমিটির সদস্য ও নারী শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।
তিনি বলেন, শুধু প্রতিশ্রুতি নয়, তারেক রহমান নারীর ক্ষমতায়ন বাস্তবায়নও করেছেন। তিনি বিশ্বাস করেন, আমার দেশের নারী সমাজ জেগে উঠলে বাংলাদেশ পরিবর্তন হবে।
রবিবার (২৩ নভেম্বর) বিকালে বগুড়ার আদমদীঘি উপজেলার গো-হাটে এক নারী সমাবেশে সঞ্চালকের বক্তব্যে এসব কথা বলেন নিপুণ রায়। নারী ও শিশু অধিকার ফোরামের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আরও বলেন, আগামী দিনে বিএনপি যদি জনগণের ভোটে নির্বাচিত হয়, প্রতিটি পরিবারে নারী প্রধানের নামে ফ্যামেলি কার্ড দেওয়া হবে। যা দিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারবে। কাজেই আগামী নির্বাচনে এ আসনে ধানের শীষের প্রার্থী আবদুল মহিত তালুকদারকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে বলেও মন্তব্য করেন অ্যাডভোকেট নিপুণ রায়।
সমাজে নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা বিএনপির নির্বাচনী অগ্রঅধিকার শীর্ষক আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য ও নারী শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন- জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, আদমদীঘি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, সাধারণ সম্পাদক এসএম আখতারুজ্জামান মিঠু, সাবেক মেয়র ফিরোজ মো. কামরুল হাসান প্রমুখ।