টাঙ্গাইল প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫ ১৯:১৬ পিএম
শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশ অবশ্যই আনন্দদায়ক হতে হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেছেন, আমাদের প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য হচ্ছে শিশুর মধ্যে সুপ্ত সম্ভাবনাগুলোকে বিকশিত করা, শিশুকে সুনাগরিক এবং সমাজের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলা। এই কাজটি আমরা করবো পাঠ্যক্রম ও সহ-পাঠ্যক্রমের মাধ্যমে অথবা উচ্চ পাঠ্যক্রমের মাধ্যমে।
রবিবার (২৩ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমি ভবনে ‘শিক্ষার গুণগতমান উন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গণশিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষার পরিবেশ আনন্দদায়ক হলে শিশুরা পড়ালেখা করে আনন্দ পায়। প্রতিটা শিশুকে স্বপ্ন দেখাতে হবে, স্বপ্ন শিখাতে হবে, সে যেন স্বপ্ন দেখতে পারে— এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। শিশুরা কেন পড়বে তার একটা স্বপ্ন থাকা দরকার। ফলে শিশুকে স্বপ্ন দেখানোটা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটা শিশুকে সব সময়ই ‘আমিও পারি’ এই সাহস জাগ্রত করতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষকদের কাছ থেকে নেওয়া প্রশ্নের মাধ্যমে আমরা প্রাথমিক শিক্ষার কোথায় কি করতে হবে সে বিষয়ে স্বচ্ছ ধারণা নিচ্ছি। শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক এবং ছাত্র-ছাত্রীসহ সব কিছুরই সমস্যা চিহ্নিত করতে পেরেছি। সেসব সমস্যার সমাধান করতে পারলে আগামীতে প্রাথমিক শিক্ষার চিত্রই পাল্টে যাবে। আমরা সে চেষ্টাটাই করছি।
টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে ওই মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আজমুল হক, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক আবু নুর মো. শামসুজ্জামান প্রমুখ।
এ সময় জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাসহ অংশীজনরা উপস্থিত ছিলেন। পরে উপদেষ্টা জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং বিদ্যালয়ে প্লে-গ্রাউন্ড স্থাপন করায় জেলা প্রশাসনের ভূয়সী প্রশংসা করেন।