কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫ ১৭:৫২ পিএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৫ ১৭:৫২ পিএম
ধর্মীয় নৈতিকতা ও মূল্যবোধ ছাড়া কোনো রাষ্ট্র বা সমাজ টিকে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, আমাদের রাজনীতি, সমাজ, কূটনীতি ও বিশ্লেষণ—সবখানেই ধর্মীয় আবেগ জাগ্রত করতে চাই। ধর্ম বাদ দিলে আমরা যে কোনো সময় বিপদে পড়তে পারি।
রবিবার (২৩ নভেম্বর) দুপুরে কুমিল্লা টাউন হল মাঠে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন জেলা ও মহানগর শাখার উদ্যোগে আয়োজিত ইমাম-খতিব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ধর্ম উপদেষ্টা বলেন, গণতন্ত্র হোক বা রাজতন্ত্র—রাজনীতি, সমাজব্যবস্থা ও বিশ্লেষণ যদি ধর্ম থেকে আলাদা হয়, তাহলে চেঙ্গিস খানের বর্বরতাও বিরাজ করবে।
তিনি বলেন, দায়িত্বশীলদের অনুরোধ করবো ইমাম, মুয়াজ্জিন, খতিব ও খাদেমদেরকে জাতীয় পে-স্কেলের আওতায় বেতন–ভাতা ও উৎসব ভাতা প্রদান করা উচিত।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ মুফতি শামীম মজুমদার, মহাসচিব মুফতি শরীফ উল্লাহ তারেকী এবং ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আশেকুর রহমান প্রমুখ।
এ সময় জেলার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবরা উপস্থিত ছিলেন।