বিএনপি নেতার হুঁশিয়ারি
চাটমোহর (পাবনা) প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫ ১৭:১৮ পিএম
চাটমোহরে গণমিছিল শেষে সমাবেশে বক্তব্য দেন নূর-মুজাহিদ স্বপন (গোল চিহ্নিত)। প্রবা ফটো
আমরা ধানের ধানের শীষের বাইরের কেউ না, ধানের শীষের বাইরে যদি কেউ নির্বাচন করার চিন্তা করে তাহলে কোনো কেন্দ্রে তারা কেউ এজেন্ট দিতে পারবে না বলে হুশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা নূর-মুজাহিদ স্বপন।
শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় পাবনার চাটমোহরে বিএনপি প্রার্থীর পক্ষে গণমিছিল শেষে বালুচর খেলার মাঠে সমাবেশ থেকে এই হুঁশিয়ারি দেন তিনি।
এদিকে, বিএনপি নেতা স্বপনের এমন বক্তব্যের পর চাটমোহর উপজেলাসহ পাবনা-৩ আসনের (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। মূহুর্তে তার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
পাবনা-৩ আসনে বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছে কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি ও সুজানগরের সন্তান কৃষিবিদ হাসান জাতির তুহিনকে। অপরদিকে, তাকে 'বহিরাগত' উল্লেখ করে স্থানীয় প্রার্থীকে মনোনয়ন দেওয়ার দাবিতে আন্দোলন করছেন মনোনয়ন বঞ্চিত বিএনপির একাংশের নেতাকর্মীরা। তুহিনের মনোনয়ন বাতিল করে স্থানীয় প্রার্থীকে মনোনয়ন দেওয়া না হলে সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা তাদের একজন স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। এ নিয়ে চলছে উত্তেজনা, চলছে পাল্টাপাল্টি কর্মসূচি।
এর অংশ হিসেবে শনিবার চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার নেতাকর্মীদের নিয়ে গণমিছিলের আয়োজন করেন কৃষিবিদ হাসান জাফির তুহিন। মিছিল শেষে চাটমোহর বালুচর খেলার মাঠে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি মনোনীত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।
সেখানে বক্তব্য দিতে গিয়ে ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নুর-মোজাহিদ স্বপন ধানের শীষের বাইরে স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, কথা একটাই, আমরা ধানের শীষের বাইরের কেউ না। যদি ধানের শীষের বাইরে কেউ যায়, আমি ভাঙ্গুড়াবাসীর পক্ষ থেকে কথা দিয়ে যাচ্ছি, ধানের শীষের বাইরে যদি কেউ নির্বাচন করার চিন্তা করে আমরা ঘোষণা দিয়ে যাচ্ছি, কোনো কেন্দ্রে তারা কেউ এজেন্ট দিতে পারবে না, ধানের শীষের বাইরে কোনো লোক থাকবে না।
এ বিষয়ে নূর-মুজাহিদ স্বপন বলেন, আমি বোঝাতে চেয়েছি- বিএনপির সিদ্ধান্তের বাইরে যদি কেউ নির্বাচন করে তাদের উদ্দেশ্য কথাটি বলা হয়েছে। আমি সব সময় চেষ্টা করব দলের সবাই একসঙ্গে থাকব।
পাবনা জেলা বিএনপির সদস্য সচিব মাসুদ খন্দকার বলেন, 'সে (নূর-মুজাহিদ স্বপন) এতো কাঁচা রাজনীতিবিদ নয়, আপনারা (সাংবাদিকরা) তার কথার ভুল ব্যাখ্যা করছেন, সে অন্য কিছু বোঝাতে চেয়েছে।