বাঘা (রাজশাহী) প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫ ১৩:৫৭ পিএম
রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার প্রত্যন্ত চরাঞ্চলে বিশেষ অভিযানে ডাকাত ও দস্যু বাহিনীর ব্যবহৃত একটি বিদেশি পিস্তলসহ তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাব-৫।
শনিবার (২২ নভেম্বর) রাত সারে ১২টার সিপিএসসি, র্যাব-৫ এর একটি আভিযানিক দল উপজেলা গড়গড়ী ইউনিয়নের খায়েরহাট চর এলাকায় এ অভিযান পরিচালনা করে।
র্যাব-৫ জানায়, এ অভিযানে ১টি বিদেশি পিস্তল, ১টি পাইপগান, ১টি ওয়ান শুটারগান এবং ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে বলেও জানায়।
বাঘা থানার অফিসার ইনচার্জ ওসি আ ফ ম আসাদুজ্জামান রবিবার (২৩ নভেম্বর) সকালে র্যাব-৫ কর্তৃক অস্ত্র উদ্ধার নিশ্চিত করেছেন।
গত ২৭ অক্টোবর বালু মহাল ও চরের জমি-বাথান দখলকে কেন্দ্র করে আলোচিত মনতাজ বাহিনী ও কাকন বাহিনীর মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়। দীর্ঘ সময় ধরে চলা এ গোলাগুলিতে ১ জন ঘটনাস্থলেই নিহত হন, পরে হাসপাতালে আরও ১ জন মারা যান। ঘটনার পরদিন পদ্মা নদী থেকে আরও ১ জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে গত ৯ নভেম্বর পুলিশ একই এলাকায় ‘অপারেশন ফার্স্ট লাইট’ পরিচালনা করে কয়েকটি দেশিয় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার করেছিল।