কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫ ১১:৫৫ এএম
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কুমিল্লার গাইনি চিকিৎসক ডা. ফাহমিদা আজিম কাকলী। রবিবার (২৩ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।
তার বড় ভাই মনজুরুল আজীম পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কয়েক দিন আগে কাকলী ডেঙ্গুজ্বরে আক্রান্ত হন। এ সময় তার কিডনি ও লিভার ক্ষতিগ্রস্ত হয়। অবস্থার দ্রুত অবনতি হলে শনিবার তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে তার রক্তচাপ হঠাৎ কমে গেলে আইসিইউ থেকে ভেন্টিলেশনে স্থানান্তর করা হয়। রাতভর চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও রবিবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ফাহমিদা আজিম কাকলী কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি ও প্রসূতিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক এবং নগর মাতৃসদন কুমিল্লার কনসালটেন্ট ছিলেন।
ডা. কাকলীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কুমিল্লায়। রোগী, সহকর্মী, স্বজন সবার মুখেই বিষাদের ছাপ। মানবিক চিকিৎসক হিসেবে পরিচিত কাকলী বিনামূল্যে বহু দরিদ্র রোগীর সিজার করিয়েছেন। চিকিৎসার পাশাপাশি তিনি ছিলেন অধুনা থিয়েটারের সদস্য। গান শুনতে ও প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে ভালোবাসতেন তিনি। তার মরদেহ আপাতত হিমঘরে রাখা হবে। কানাডায় অবস্থানরত একমাত্র মেয়ে তৃণা দেশে ফিরলে জানাজা ও দাফন সম্পন্ন করা হবে।