নোয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫ ২২:৪৪ পিএম
নোয়াখালী-১ (চাটখিল–সোনাইমুড়ী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের প্রচারণা চলাকালে উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মোস্তফা কামালকে লাঞ্ছিত করার অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) বিকালে চাটখিল উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে অনিতাশ ফিলিং স্টেশন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে ফিরে প্রতিবাদ সমাবেশে করে।
স্থানীয় সূত্র জানায়, সকালে রামনারায়নপুর ইউনিয়নে প্রচারণার সময় উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফ ও পৌর বিএনপির আহ্বায়ক মোস্তফা কামালের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়লে বিকালে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে বক্তারা মোস্তফা কামালের প্রতি অসদাচরণের তীব্র নিন্দা জানিয়ে অ্যাডভোকেট আবু হানিফকে চাটখিল উপজেলায় ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন। পাশাপাশি তার বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য জেলা বিএনপির প্রতি আহ্বান জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিউল বাশার বাবুল শেখ এবং সঞ্চালনা করেন জেলা যুবদলের সদস্য কামাল হোসেন। বক্তব্য দেন- সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন কচি, পৌর বিএনপি নেতা খোকন হাজি, উপজেলা যুবদল নেতা মাসুদ আলম, জেলা যুবদল নেতা ইয়াসিন বাবুসহ অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মী।

বিক্ষোভে শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে চাটখিল পৌর এলাকা উত্তপ্ত হয়ে ওঠে এবং মোস্তফা কামালের প্রতি সংহতি জানিয়ে ন্যায়বিচারের দাবিতে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পরিবেশ।
এ বিষয়ে পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মোস্তফা কামাল বলেন, আমার প্রতি যেভাবে আচরণ করা হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক ও অশোভন। দলের জন্য সবসময় কাজ করেছি, নেতাকর্মীদের সুখ-দুঃখে পাশে থেকেছি। তবু এমন ঘটনার শিকার হতে হবে এটা কল্পনাতেও ছিল না। যারা আন্দোলন-সংগ্রামে মাঠে থাকে তাদের সম্মান রক্ষা করা দলীয় ঐক্যের জন্য জরুরি। আমি চাই, ঘটনাটির সঠিক তদন্ত হোক এবং ভবিষ্যতে যেন এর পুনরাবৃত্তি না ঘটে।
অপরদিকে, ঘটনার বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফ দুঃখ প্রকাশ করে বলেন, সেসময় আমার আচরণ ঠিক হয়নি। তবে বিকালে বিক্ষোভ ও তাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণাকে তিনি দলীয় শৃঙ্খলাবিরোধী বলে মন্তব্য করেন এবং নিন্দা জানান।
এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম, তাৎক্ষণিক সমাধান করা হয়েছে। তবে বিক্ষোভ মিছিলের কথা পরবর্তীতে জেনেছি, উভয়কেই জেলা বিএনপি ডেকেছে। পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।