হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিবেদক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫ ২০:৩৭ পিএম
ময়মনসিংহের সীমান্তবর্তী গারোপাহাড় অধ্যুষিত ময়মনসিংহ-১ (হালুয়াঘাট ও ধোবাউড়া) আসনে বিএনপির মনোনিত প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়কে মিছিল করেছে দলটির একাংশের সমর্থকরা।
শনিবার (২২ নভেম্বর) সকাল থেকে সন্ধা পর্যন্ত প্রায় চার শতাধিক ভ্যান নিয়ে হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাজার ও প্রধান সড়ক প্রদক্ষিণ করে এ দাবি জানান সালমান ওমর রুবেলের সমর্থকরা।
জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গারোপাহাড় অধ্যুষিত ময়মনসিংহ-১ (হালুয়াঘাট ও ধোবাউড়া) আসনে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন সাবেক এমপি ও দলটির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য আইনজীবী আফজাল এইচখান, বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালে প্রিন্স, তরুণদের আইকন ময়মনসিংহ উত্তর জেলা বিএপির সদস্য ও হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালমান ওমর রুবেল।
সমর্থকরা জানান, এই আসনে তৃণমূলে এমরান সালে প্রিন্সের জনপ্রিয়তা যাচাই ছাড়াই তাকে মনোনীত করা হয়েছে। দলের দু:সময় থেকে শুরু করে এখন পর্যন্ত তৃণমূলে জনপ্রিয়তা সালমান ওমর রুবেলের বেশি। সে কারণে এই আসনটিতে বিএপির জয় দেখতে হলে দলের মনোনিত প্রার্থী পরিবর্তন করে সালমান ওমর রুবেলকে দেওয়ার আহ্বান জানান তারা।
মিছিলটি ধারা বাজার হয়ে হালুয়াঘাট পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ধোবাউড়া উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাকুয়াই নাগলা হয়ে পুনরায় ধারা বাজারে শেষ হয়। এ সময় প্রায় চারশতাধিক ভ্যান নিয়ে সালমান ওমর রুবেলের সমর্থকরা হালুয়াঘাট আসনে প্রার্থীতা বাতিলের আহ্বান জানান।
মিছিলে হালুয়াঘাট-ধোবাউড়ার কয়েক হাজার রুবেল সমর্থক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ধোবাউড়া সদর থেকে আসা ভ্যানচালক উবায়দুল বলেন, আমরা একজন ভালো মানুষকে ধানের শীষের কান্ডারি হিসেবে দেখতে চাই। বিলডোরা থেকে আসা ভ্যানচালক ছফির উদ্দিন বলেন, সালমান ভাই আপদে-বিপদে মানুষেল পাশে থাকে, তাকে মনোনয়ন না দেওয়ায় আমরা প্রতিবাদ করতে এসেছি।