× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আরও কাত হলো ধামরাইয়ের সেই হেলে পড়া ভবনটি

ধামরাই (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫ ২১:৩৭ পিএম

আরও কাত হলো ধামরাইয়ের সেই হেলে পড়া ভবনটি

ঢাকার ধামরাইয়ে গত বছর হেলে পড়া চারতলা করিডোরের ভবনটি এবার ভূমিকম্পের ফলে আরও কাত হয়ে পড়েছে। ২০২৪ সালের ১৩ মে হঠাৎ করেই ওই চারতলা ভবনের একাংশ পাশের ছয়তলা ভবনের উপর হেলে পড়ে। বিষয়টি রাতারাতি ব্যাপক আলোচনার জন্ম দেয়।  

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে ঢাকাসহ অধিকাংশ জেলাগুলোতে ভূমিকম্প আঘাত হানে। এর পরপরই ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় গড়ে ওঠা ধানসিঁড়ি হাউজিং প্রকল্পের ভেতরের মো. জিয়াউদ্দিনের বাড়ির চারতলার করিডোরের অংশটি আরও পাশের ভবনের উপর হেলে পড়ার খবর পাওয়া যায়।

সরেজমিন গিয়ে দেখা যায়, ধানসিঁড়ি হাউজিং প্রকল্পের ভেতরে পাশাপাশি দুটি ভবন নির্মাণ করা হয়েছে। দুই ভবনের মধ্যে ১০ ফুট জায়গায় করিডোরের মতো আরেকটি চারতলা ভবন নির্মাণ করা হয়েছে। এটির ভেতর দিয়েই পেছনের দিকে অপর মূল ভবনে ঢুকতে হয়। 

ভবনটিতে ঢুকে দেখা যায়, করিডোরের তৃতীয় তলার অংশটি পাশের ছয়তলা ভবনের উপর হেলে রয়েছে। তিন তলার বারান্দার রেলিংয়ের ইটের গাঁথুনির অংশটি ফেটে গেছে। তবে, করিডোরের আর কোথাও কোনো ক্ষতিগ্রস্ত হয়নি। যদিও করিডোর দিয়ে ভেতরে ঢুকে চারতলা ভবনের ভেতরেও কোনো ক্ষয়ক্ষতির চিত্র দেখা যায়নি।

ভবনের মালিকপক্ষ জানান, ওই প্লটটিতে ছয়তলা ভবন করার অনুমতি ছিল। এর মধ্যে সেটি দুটি প্লট আকারে বিক্রি করে মালিক। চার শতাংশের একটি অংশ কিনে নেন মো. রফিক। তিনি সেখানে তিনতলা ভবন নির্মাণ করেন। আর পেছনের দুই শতাংশ জমি কিনে নেন মোহাম্মদ জিয়াউদ্দিন। সেখানে তিনি নির্মাণ করেন চারতলা ভবন। এছাড়া তিনতলা ভবন ও পাশের অপর ছয়তলা ভবনের মাঝখানে সড়কের মতো থাকা প্রায় ১০ ফুট চওড়া ও প্রায় ৪২ ফুট লম্বা জমি কিনে নিয়ে সেখানে করিডোরের মতো বর্ধিত চারতলা সংযুক্ত ভবন নির্মাণ করেন জিয়াউদ্দিন।

আলী হোসেন নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ভবনটি ঝুঁকিপূর্ণ, বিষয়টি আগেও প্রশাসনকে জানানো হয়েছে। আমরা অনেক ঝুঁকিতে আছি, যেকোনো সময় ভবনটি ধসে যেতে পারে। বিশেষ করে আজকে যে ভূমিকম্প হয়েছে, তাতে আরও ঝুঁকে (কাত হয়ে) গেছে এ ভবনটি। প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। ভবিষ্যতে যদি কোনো দুর্ঘটনা ঘটে, এর দায় প্রশাসনকেই নিতে হবে। 

আরমান হোসেন নামে আরেক ব্যক্তি বলেন, আগেই ভবনটি হেলে পড়েছিল। আজকে দেখলাম আরও বেশি ঝুঁকে পড়েছে। চলাফেরা করতেও ভয় লাগছে, কখন ভেঙে পড়ে। নিজেদের ভবনের কথা নিয়েতো চিন্তায় আছি, তারপরেও ওই ভবনটির জন্য। পাশের ভবনের সঙ্গে একদম হেলান দিয়ে রয়েছে। এর আগে, এই ভবন হেলে পড়ায় এলাকাবাসী সবাই গণস্বাক্ষর করে জমা দিয়েছি। তার পরেও প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি।

মোহাম্মদ জিয়াউদ্দিন বলেন, ‘সামনের সামান্য অংশ আরও দুই বছর আগেই একটু ফাটল ধরেছে। কারণ পাশের বাড়িটি আমার জমির দেড় ফুট ভেতরে এসে বাড়ি তৈরি করছে। তিনি এক ইঞ্চি জমিও পাশে রাখেনি। আর সামনের অংশে কোনো ভাড়াটিয়া নেই। ভেতরে ওখানে বাড়ির রাস্তা এটা। আজকের ভূমিকম্পে একটুও হেলেনি। সামনের অংশ কিছুদিনের মধ্যে ভেঙে ফেলব।’

এ বিষয়ে ধামরাই পৌরসভার সচিব গোলাম নবী বলেন, ওই ভবনটির বিষয় শুনেছি। পৌরসভার কর্মকর্তারা ভবন পরিদর্শন করে পরবর্তী ব্যবস্থা নেবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা