ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫ ১৯:২৯ পিএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৫ ১৯:৩৫ পিএম
‘ধানের শীষ নিয়ে একটি পক্ষ নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে পড়েছে। তারা ধানের শীষ প্রতীক কেড়ে নিতে চায়। তৃণমূল নেতাকর্মীরা এসব ষড়যন্ত্র বরদাশত করবেন না। নেতাকর্মীরা রাজপথে নেমে গেলে তা থেকে আর ফিরবেন না।’
শুক্রবার (২১ নভেম্বর) বিকালে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা বিবিরহাট বাসস্টেশনে বিএনপি আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চট্টগ্রাম-২ আসনের দলটির মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীর। তিনি বলেন, ‘দল সরোয়ার আলমগীরকে মনোনয়ন দেয়নি। দলের নীতিনির্ধারকরা তৃণমূলের ধানের শীষকে মনোনয়ন দিয়ে আমাকে ফটিকছড়িতে পাঠিয়েছেন। ধানের শীষ পেয়ে আজ ফটিকছড়ির সর্বস্তরের তৃর্ণমূল নেতাকর্মীরা উজ্জীবিত।’
সরোয়ার আলমগীর বলেন, সম্ভাবনাময় ফটিকছড়িকে একটি সমৃদ্ধিশালী উপজেলায় পরিণত করতে পরিকল্পিতভাবে উন্নয়নের রোডম্যাপ তৈরি করতে হবে। অতীতে যারা ক্ষমতায় ছিল, তারা ফটিকছড়ির উন্নয়নে কাজ করেননি। ফলে ফটিকছড়ির কাঙ্ক্ষিত মানের উন্নয়ন হয়নি। অথচ চা ও রাবার শিল্পে সমৃদ্ধ ফটিকছড়ি থেকে রাষ্ট্র যে হারে রাজস্ব পাচ্ছে, সেভাবে উন্নয়ন হয়নি। এবার আমরা আমাদের ন্যায্য হিস্যা বুঝে নিতে চাই।
এর আগে দুপুর থেকে ফটিকছড়ি সরকারি কলেজ মাঠে ফটিকছড়ি ও নাজিরহাট পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়ন থেকে ব্যানার-ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা জড়ো হন। পরে ফটিকছড়ি সরকারি কলেজ মাঠ থেকে সরওয়ার আলমগীরের নেতৃত্বে একটি গণমিছিল চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক প্রদক্ষিণ শেষে বাসস্টেশন চত্বরে গিয়ে শেষ হয়।
গণমিছিল-পরর্বতী পথসভায় সভাপতিত্ব করেন ফটিকছড়ি পৌরসভার বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন। এসময় উপস্থিত ছিলেন নাজিরহাট পৌর বিএনপির আহ্বায়ক এজাহার মিয়া, উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন, নাজিরহাট পৌর বিএনপির সদস্য সচিব শাহনেওয়াজ সেবুল, জাহাঙ্গীর আলম চৌধুরী, মনসুর চৌধুরী প্রমুখ।