যশোর প্রতিবেদক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫ ১৯:১৫ পিএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৫ ২০:৫৩ পিএম
জুলাই–আগস্টে মানুষ জীবন দিয়েছে আগের মতো ইঞ্জিনিয়ারিং বা মেকানিজম করে ক্ষমতায় আসার জন্য নয়—এ মন্তব্য করেছেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম। তিনি বলেন, যারা মেকানিজম করে ক্ষমতায় আসতে চাইবে, তাদের পরিণতি হবে পতিত আওয়ামী লীগ সরকারের মতো। তরুণদের আন্দোলনের মুখে ১৬ বছর ক্ষমতায় থাকা সরকারকেও পালিয়ে যেতে হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) বিকালে যশোরের ঝিকরগাছা বিএম হাই স্কুল মাঠে জামায়াত–উদ্দীপ্ত ঝিকরগাছা–চৌগাছা আসনের প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদের নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।
সাদিক কায়েম বলেন, যারা জোর-জবরদখল, সন্ত্রাসী ও চাঁদাবাজি করে এ ধরনের অবস্থা করতে চাই তাদেরকে তরুণ সমাজ মেনে নিবে না। ডাকসু, জাকসু, রাখসু, চাকসুসহ দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অন্যায়ের জবাব দিয়েছে। এখন কেউ যদি জোর করে ক্ষমতা দখল করতে চায় বা বিশৃঙ্খলা সৃষ্টি করে, তবে তাদের পরিণতি হবে আরও ভয়াবহ। তরুণরা জেগে উঠেছে—তারা কোনো অন্যায় সহ্য করবে না। যেকোনো অন্যায় তারা প্রতিরোধ করবেন।
তিনি জামায়াত–শিবিরের নারী-পুরুষ কর্মীদের বলেন, আসন্ন নির্বাচনে আপনারা ভোটকেন্দ্র পাহারা দিবেন। কোনভাবেই যেন কোন গোষ্ঠী সন্ত্রাসী কার্যকলাপ করে ভোট কেন্দ্র দখল করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন যশোর–২ (ঝিকরগাছা–চৌগাছা) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। বিশেষ অতিথি ছিলেন ডাকসুর ক্রীড়া সম্পাদক ও ঝিকরগাছার কৃতি সন্তান আরমান হোসেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন—যশোর–৩ আসনের জামায়াতের প্রার্থী ও সাবেক ভিপি এডভোকেট আব্দুল কাদের, শার্শা–১ আসনের প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সুরা সদস্য মাওলানা আজিজুর রহমান, যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, জামায়াতের ঝিকরগাছা উপজেলা সেক্রেটারি নজরুল ইসলাম খান, উপজেলা নায়েবে আমির অধ্যাপক হারুন অর রশিদ, উপজেলা কর্ম পরিষদের সদস্য অধ্যাপক মশিউর রহমান, কর্ম পরিষদের সদস্য অধ্যক্ষ দ্বীন ইসলাম, জেলার তারবিয়াত সদস্য অধ্যাপক আনোয়ার হোসাইন, জেলা কর্ম পরিষদের সূরা সদস্য অধ্যাপক আসাদুল আলম, ঝিকরগাছা পৌরসভার আমির আব্দুল হামিদ, চৌগাছা উপজেলা আমির গোলাম মোর্শেদ সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে ঝিকরগাছা–চৌগাছা ছাড়াও আশপাশের উপজেলা থেকে হাজারো মানুষ অংশ নেন।