খুলনা অফিস
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫ ১৮:০৫ পিএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৫ ১৮:১১ পিএম
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দেশের মানুষ সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে এখন ঐক্যবদ্ধ। আগামী দিনে সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের জনগণ লাল কার্ড দেখাবে। পরিবর্তনের পক্ষে যুবসমাজ এখন প্রস্তুত।
শুক্রবার (২১ নভেম্বর) ডুমুরিয়া উপজেলা জামায়াতের উদ্যোগে শাহপুর আন্দুলিয়া ফুটবল মাঠে আয়োজিত ছাত্র গণজমায়েতকে তিনি পরিবর্তনের বার্তা হিসেবে উল্লেখ করেন। সমাবেশে ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম, জাকসুর জিএস মাজহারুল ইসলাম, রাজশাহী ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ছাত্রনেতারা উপস্থিত ছিলেন। পরওয়ার বলেন, আজ ডুমুরিয়ায় একটি ঐতিহাসিক দিন। দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতারা পরিবর্তনের ডাক নিয়ে এখানে এসেছেন।
৫৪ বছরের রাজনৈতিক শাসনব্যবস্থা নিয়ে সমালোচনা করে তিনি বলেন, রাষ্ট্রের ক্ষমতায় থাকা দলগুলো দুর্নীতি, লুটপাট, বিদেশে টাকা পাচার, খুন-নির্যাতনে দেশকে বিপর্যস্ত করেছে। ৫ আগস্টের পর জনগণ বুঝেছে, দুর্নীতির মূল উৎস কোথায়। বিভিন্ন হাটবাজার, ঘের, পরিবহন স্ট্যান্ড ও বালুঘাটে একটি বিশেষ দলের অবৈধ দখল ও চাঁদাবাজির অভিযোগও তুলে ধরেন তিনি।
জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের ঘোষণা উদ্ধৃত করে পরওয়ার বলেন, জামায়াতের নির্বাচিত এমপি মন্ত্রীরা সরকারি প্লট, ফ্রি গাড়ি বা কোনো আর্থিক সুবিধা গ্রহণ করবে না; বরাদ্দকৃত উন্নয়ন তহবিলের হিসাব জনগণের কাছে প্রকাশ করা হবে। এই চ্যালেঞ্জ অন্য কোনো দল দিতে পারবে না, দাবি করেন তিনি।
সংখ্যালঘু নিরাপত্তা বিষয়ে তিনি বলেন, ধানের শীষ, নৌকা, লাঙল যেমন ভোট পাওয়ার অধিকার রাখে, দাঁড়িপাল্লাও তেমনি। হিন্দু সম্প্রদায় ভয় পাবে কেন? আমরা তাদের পাশে আছি।তিনি বলেন,
প্রবাসীদের ভোটাধিকার প্রতিষ্ঠার প্রথম প্রস্তাব দিয়েছিল জামায়াত। প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন করেন, ভোট ডাকাতির চেষ্টা করলে অতীতের মতোই কঠিন পরিণতি বরণ করতে হবে। ডুমুরিয়া উপজেলা আমীর মাওলানা মোক্তার হুসাইনের সভাপতিত্ব করেন।