শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫ ১৮:০৪ পিএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৫ ১৮:১০ পিএম
গাজীপুরের শ্রীপুর উপজেলা বেলতলী এলাকায় দুইটি ঘোড়া জবাই করে মাংস বিক্রির প্রক্রিয়ার সময় এলাকাবাসীর ধাওয়ায় ৩ ব্যবসায়ী পালিয়ে গেছে। গ্রামবাসী জবাই করা দুটি ঘোড়ার মাংস এবং কসাই রুবেলকে আটক করেছে। রুবেল সুনামগঞ্জ জেলার ধর্মপাশা এলাকার বাসিন্দা।
শুক্রবার (২১ নভেম্বর) ভোর ৬টার দিকে শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বেলতলী রজ'র মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত পালিয়ে যাওয়া চারজনের দুইজন হলেন- সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার নওদা গ্রামের বাসিন্দা আবুল খায়ের ও গাজীপুর এলাকার বাসিন্দা হাসান। পালিয়ে যাওয়া অপর ২জনের পরিচয় জানা যায়নি।
আটক রুবেল কসাই ও স্থানীয়রা জানান, অভিযুক্তরা বৃহস্পতিবার রাতে পিকাপযোগে বেলতলী রজ’র মোড় এলাকায় দুটি ঘোড়া এনে বেঁধে রাখে। রাত গভীর হলে তারা ঐ দুটি ঘোড়া জবাই করে মাংস প্রক্রিয়া করণের চেষ্টা করে। এলাকাবাসী বিষয়টি টের পেয়ে গতকাল ভোর ৬টার দিকে তাদেরকে ঘিরে ফেলে। তারা স্থানীয় মাওনা জয়দেবপুর এবং বিভিন্ন হোটেলে সরবরাহের জন্য মাংসগুলো প্রক্রিয়া করছিল। তাছাড়া গরু জবাই করলে গোপনে ঘোড়ার মাংস মিশিয়ে বিক্রির অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। এসব মাংস গাজীপুর চৌরাস্তা, সালনা বাজারসহ বিভিন্ন এলাকার খাবার হোটেলে সরবরাহ করে থাকে। এলাকাবাসীর জিজ্ঞাসাবাদের সময় কৌশলে অভিযুক্ত ২ ব্যবসায়ী পালিয়ে যায়।
এ ব্যাপারে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব আহমেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শ্রীপুর থানার মাওনা ফাড়ী ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান জানান, সরেজমিনে ঘটনাটির তদন্ত চলছে।