ফেনী প্রতিবেদক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫ ১৭:৪৩ পিএম
ফেনী-মাইজদী সড়কের তেমুহনী এলাকায় মদিনা ফোম কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) সকালে ঘটে যাওয়া আগুনে পুরো কারখানা পুড়ে ছাই হয়ে যায়।
ফায়ার সার্ভিস জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে সকাল ৮টা ২৫ মিনিটে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্থানীয়রাও আগুন নেভানোর কাজে সহায়তা করেন।
কারখানার মালিক রহিম উল্লাহ চৌধুরী বলেন, আগুনে আমার দীর্ঘ প্রবাসজীবনের সব সঞ্চয় পুড়ে গেছে। ব্যাংক ঋণ, মহাজনের দেনা—সব মিলিয়ে তিনি আবারও নিঃস্ব হয়ে পড়েছেন। তিনি বলেন, ২০২২ সালেও আমার কারখানা সম্পূর্ণ পুড়ে গিয়েছিল। দ্বিতীয়বার একই বিপর্যয়ে আমি পুরোপুরি ক্ষতিগ্রস্ত। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কারখানার যন্ত্রপাতি, কাঁচামাল ও প্রস্তুত ফোমসহ সবকিছু সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে।
ফেনী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মজিদ জানান, বর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণের তদন্ত চলছে।