নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫ ১৭:২৪ পিএম
বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভয়াবহ ভাঙনে জমি, গাছপালা ও বসতঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার বাইশারী ইউনিয়নে এ ভাঙন শুরু হয়।
স্থানীয় বাসিন্দা ওয়াসিম মৃধা জানান, সকাল ৮টার দিকে ভাঙন শুরু হয়। মুহূর্তের মধ্যে ভাঙন তীব্র আকার ধারণ করলে প্রায় ৫০ শতক জমি নদীতে তলিয়ে যায়। এতে তার চাচা শ্বশুর মো. আবু বকর ঘরামির বসতঘরসহ বহু গাছপালা সম্পূর্ণ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখন ভাঙনের হুমকিতে রয়েছে আরও ঘরবাড়ি।
ভুক্তভোগী মো. আবুবকর ঘরামি বলেন, আমাদের মাথাগোঁজার শেষ আশ্রয়টুকু নদীতে চলে গেছে। পরিবার নিয়ে এখন কোথায় যাব? সবকিছু হারিয়ে আমরা নিঃস্ব হয়ে গেছি।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন এবং প্রকৃত পরিস্থিতি উদ্ঘাটনে প্রশাসন কাজ শুরু করেছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। ভুক্তভোগী পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে।