শ্রীপুর (মাগুরা) প্রতিবেদক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫ ১৭:১১ পিএম
মাগুরায় ভূমিকম্পের আতঙ্কে শ্রীপুর উপজেলার আমতৈল গ্রামে অবস্থিত স্টাইলস্মিথ স্যান অ্যাপারেলস লিমিটেড গার্মেন্টসে প্রায় শতাধিক নারী-পুরুষ কর্মী অসুস্থ হয়ে পড়েছেন।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ভূমিকম্প অনুভূত হলে হঠাৎ কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ভবনের দ্বিতীয় তলায় কর্মরত শ্রমিকরা দ্রুত প্রাণরক্ষার্থে নিচে নেমে রাস্তায় জমায়েত হন। প্রথমে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও কাজে ফিরে যাওয়ার পর ভয় ও আতঙ্কে অনেক শ্রমিকের মাথা ঘোরা, বমি ও অসুস্থতা দেখা দেয়। তাদের দ্রুত শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সময় বৃদ্ধির সঙ্গে সঙ্গে রোগীর সংখ্যা বাড়তে থাকলে চিকিৎসকদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হয়। অসুস্থদের মধ্যে গুরুতর ২০ জনকে ভর্তি করা হয়েছে এবং অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কয়েকজনকে মাগুরা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
গার্মেন্টস কর্মীরা জানান, প্রতিদিনের মত আজও আমরা সকালে কাজে যোগদান করি। সকাল সাড়ে ১০টার দিকে ভূমিকম্পে গার্মেন্টের ভবন কেঁপে ওঠে। এসময় আমরা ভবনের দ্বিতীয় তলা থেকে নেমে রাস্তায় বের হয়ে আসি। তখন আমরা স্বাভাবিক ছিলাম। কিছুক্ষণ পর আমরা আবার কাজে ফিরে যাই। তখন ভয়ে এবং আতঙ্কে অনেকেই বমি এবং মাথা ঘুরে পড়ে যায়। অসুস্থদেরকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আশা হয়। সময় বাড়ার সাথে অসুস্থ রোগীর সংখ্যাও বাড়তে থাকে। প্রায় শতাধিক গার্মেন্টস কর্মী অসুস্থ হয়েছে বলে দাবি করেন তারা।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গার্মেন্টসের রোগী ও স্বজনদের ব্যাপক ভিড় লক্ষ করা যায়। রোগী ও রোগীর স্বজনদের চাপে দায়িত্বে থাকা চিকিৎসক ও হাসপাতালের স্টাফদের চিৎিকিসা দিতে হিমহিম খেতে হয়।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাসমুস সাকিব জানান, আতঙ্ক ছড়িয়ে পড়ায় ‘ম্যাস হিস্টিরিয়া’র মতো পরিস্থিতি তৈরি হয়েছে। তবে কারো শরীরে বড় ধরনের আঘাত নেই।
গার্মেন্টসের প্রশাসনিক প্রধান মো. আমান উল্লাহ জানান, যখন ভূমিকম্প অনুভুত হয়, তখন কর্মীরা বাইরে চলে আসে। আমি বাইরে এসে কর্মীদের সঙ্গে কথা বলি। তখন কর্মীরা জানায় আমাদের কোন সমস্যা নেই আমারা কাজে যোগদান করবো। তখনও কর্মীদের কোন সমস্যা ছিলনা। কিন্তু এর কিছু সময়ের পর আতঙ্কের কারণে অনেকে অসুস্থ পড়লে তাদেরকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করতে পাঠানো হয়। তবে গার্মেন্টস ভবনের কোন ক্ষতি হয়নি। ফায়ার সর্ভিসের সদস্য ও শ্রীপুর থানার পুলিশের পক্ষ থেকে গার্মেন্টস পরিদর্শন করেছেন। তারা গার্মেস্টের ভবনের কোন ক্ষয়ক্ষতি দেখতে পাননি।
এ ঘটনার খবর পেয়ে জেলা বিএনপির সদস্য সচিব ও মাগুরা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খান শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ও রোগীদের সঙ্গে কথা বলেন। পরে তিনি স্টাইলস্মিথ স্যান এ্যাপারেলস লিমিটিটেড গার্মেন্টেস পরিদর্শন করেন।