নারায়ণগঞ্জ অফিস
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫ ১৬:৪১ পিএম
তীব্র ঝাকুনির ভূমিকম্পের আতঙ্কে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে ৭ শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। পরে তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে আকস্মিকভাবে ৫.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হলে এ ঘটনা ঘটে।
ইপিজেডে কর্মরত আনসাররা জানান, সকালে ভূমিকম্প হলে এতে আতঙ্কিত হয়ে পড়েন ইপিজেডের ভেতরে বিভিন্ন কারখানার শ্রমিকরা। এ সময় দৌঁড়াদৌঁড়ির মধ্যে আদমজী ইপিজেডের অনন্ত ওয়াশিং লিমিটেডের ৬ নারী শ্রমিক এবং সিম্বা ফ্যাশন লিমিটেডের একজন পুরুষ শ্রমিক আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে অসুস্থ শ্রমিকদের প্রথমে বেপজা মেডিকেলে নেওয়া হয়, সেখানে ৪ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের বাড়ি ফেরত পাঠানো হয়। অবশিষ্ট ৩ জনকে চিকিৎসার জন্য খানপুর হাসপাতালে রেফার করা হয়।
অনন্ত ওয়াশিং কর্তৃপক্ষ জানান, ভূমিকম্পে হঠাৎ কম্পন অনুভূত হওয়ায় শ্রমিকরা আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে যায়। এ ছাড়া ফ্যাক্টরিতে কোনো ধরনের ক্ষতি হয়নি।
খানপুর হাসপাতাল তত্ত্বাবধায়ক আবুল বাশার জানান, আদমজি ইপিজেডের ৩ শ্রমিকসহ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকার ৫ জন আতঙ্কগ্রস্থ রোগী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন, বড় কোনো ক্ষতি হয়নি।