রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিবেদক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫ ০০:১০ এএম
জামায়াতে ইসলামী রাজনৈতিক স্বার্থে ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। তিনি বলেন, জামায়াত বলে দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে যাবে- এগুলো মুনাফেকি, তারা ধান্দাবাজ, ধোঁকাবাজ।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকালে লক্ষ্মীপুরের রায়পুর মহিলা কলেজে অনুষ্ঠিত এক নির্বাচনী সভায় এসব কথা বলেন আবুল খায়ের ভূঁইয়া।
জামায়াতকে রাজনৈতিকভাবে বিভ্রান্তিকর ও ধর্মীয়ভাবে ভিন্নমতের দল হিসেবে কঠোর সমালোচনা করে তিনি বলেন, জামায়াত মুসলমান না, তারা মওদুদীবাদী দল।
আবুল খায়ের ভূঁইয়া আরও দাবি করেন, জামায়াতে ইসলামী প্রকৃত শিক্ষা থেকে বিচ্যুত হয়ে সমাজে বিভ্রান্তিকর বক্তব্য ছড়াচ্ছে। তিনি বলেন, তারা এখন বলে পূজা আর রোজা এক! হিন্দুদের গীতও পাঠ করা শুরু করেছে। আবার এমন নাচানাচি করে, যা হিন্দুরাও করে না। গরু বা ছাগল ছেড়ে দিলে যেমন দৌঁড়ায়, তারা ঠিক তেমন আচরণ করছে।
বিএনপি চেযারপারসনের এ উপদেষ্টা বলেন, জামায়াত এতোদিন নিজেদের আসল চরিত্র আড়াল রাখলেও এখন প্রকাশ্য রাজনৈতিক কার্যকলাপের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে।
নির্বাচনী প্রতিশ্রুতির বিষয়ে তিনি জানান, বিএনপি ক্ষমতায় এলে রায়পুরসহ লক্ষ্মীপুর জেলায় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো উন্নয়নে বড় পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এ সময় তিনি মাদকবিরোধী কার্যক্রমে কঠোর পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেন।
সভা শেষে তিনি জনতাকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। সভায় স্থানীয় বিএনপির নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশ নেন।