× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছয় দফা দাবিতে ট্যাংক লরি মালিক-শ্রমিকদের কর্মবিরতি

খুলনা অফিস

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫ ১৯:৫৮ পিএম

আপডেট : ২০ নভেম্বর ২০২৫ ২০:১৩ পিএম

ছয় দফা দাবিতে ট্যাংক লরি মালিক-শ্রমিকদের কর্মবিরতি

ভাড়া বৃদ্ধিসহ ছয় দফা দাবিতে বাংলাদেশ ট্যাংক লরি ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বানে খুলনায় অর্ধদিবসের কর্মবিরতি পালিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খুলনার ট্যাংক লরি মালিকরা সবধরনের জ্বালানি পরিবহন বন্ধ রেখে এই কর্মসূচিতে অংশ নেন।

সকালে খালিশপুরের কাশিপুর এলাকায় পদ্মা, মেঘনা ও যমুনা তেল ডিপোর সামনে শতাধিক ট্যাংক লরি সারিবদ্ধভাবে রেখে কর্মবিরতি শুরু হয়। একই সময়ে বিএল কলেজ রোড, বিআইডিসি রোড এবং কাশিপুর ট্যাংক লরি শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনেও মালিক-শ্রমিকরা অবস্থান কর্মসূচি পালন করেন।

কর্মবিরতির কারণে খুলনার তিন তেল ডিপো পদ্মা, মেঘনা ও যমুনা থেকে জ্বালানি উত্তোলন ও বিপণন পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে খুলনাসহ মোট ১৬ জেলায় হঠাৎ করে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে পড়ে। পরিবহন মালিকদের আশঙ্কা, কর্মসূচি দীর্ঘায়িত হলে বাস-ট্রাক ও শিল্পকারখানার কার্যক্রমে বড় ধরনের সংকট দেখা দিতে পারে।

খুলনা ট্যাংক লরি ওনার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক শেখ সাদী জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। প্রথম সপ্তাহ প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি চলবে। দ্বিতীয় সপ্তাহে তা দুপুর ২টা পর্যন্ত বিস্তৃত হবে। এরপরও সমাধান না হলে ৫ ডিসেম্বর থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য জ্বালানি পরিবহন বন্ধ থাকবে।

খুলনা বিভাগীয় ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মীর মোকসেদ আলী বলেন, আমরা আলোচনার মাধ্যমে সমাধান চাই। কিন্তু ভাড়া বৃদ্ধি ও অন্যান্য যৌক্তিক দাবি দীর্ঘদিন উপেক্ষিত হচ্ছে।

তাদের দাবিগুলো হলোÑ ট্যাংক-লরির ভাড়া বৃদ্ধি, সেবা গ্রহণকারী কর্তৃক ভ্যাট প্রদানের ঘোষণা গেজেট আকারে প্রকাশ, আন্তঃজেলা রুট পারমিট প্রদান, রাস্তায় চলার উপযোগী হলেই ফিটনেস প্রদান, ট্যাংক লরির ইকোনমিক লাইফ ৩৫ বছর নির্ধারণ এবং ১৯৯০ সাল পর্যন্ত নির্মিত ও রেজিস্ট্রেশনকৃত ট্যাংক লরিগুলোকে চলাচলের বৈধতা প্রদান।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা