গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিবেদক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫ ১৯:৫৩ পিএম
আপডেট : ২০ নভেম্বর ২০২৫ ২০:১০ পিএম
ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের শেষ সীমানা থেকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের রামগোপালপুরে গুজিখাঁয় কাঁচা রাস্তা স্বেচ্ছাশ্রমে সংস্কার ও মেরামত করে দিল রামগোপালপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ সড়ক মেরামত কাজে কোদাল, বেলচা, টুকরি নিয়ে অংশ নেয় প্রায় অর্ধশতাধিক স্থানীয় মানুষও।
‘দশে মিলে করি কাজ, হারি-জিতি নাহি লাজ’ তার প্রমাণ মিললো এ সড়ক সংস্কারে। দীর্ঘদিনের জনদুর্ভোগের সেই সড়কটি মুহূর্তের মাঝে বদলে গেল। গুজিখাঁ, রামগোপালপুর, তেরোশিরা, গাঁওরামগোপালপুর, নওয়াগাঁও, তেরোশিরা, কলতাপাড়াসহ প্রায় ১৫টি গ্রামের মানুষের মুখে হাসি ফুটে উঠে।
সাবেক ইউপি সদস্য খসরু পারভেজ রাজীব বলেন, এই সড়কটির দুপাশে পাকা, মাঝখানে অর্ধকিলোমিটার কাঁচা। আর কাঁচা অংশের ভাঙাচোরা ও বড় বড় গর্তের কারণে প্রায়ই এখানে গাড়ি উল্টে দুর্ঘটনা ঘটত। আজকে বিএনপি নেতাকর্মীরা সড়কটি সংস্কার করায় প্রায় ১৫ গ্রামের মানুষের মুখে হাসি ফুটে উঠেছে।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনের নির্দেশনায় বর্ষাকালকে সামনে রেখে উপজেলার বেহাল কাঁচা সড়কগুলো স্বেচ্ছাশ্রমে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। সেই ধরাবাহিকতায় আজকে রামগোপালপুর ইউনিয়নের অর্ধকিলোমিটার বেহাল সড়ক স্বেচ্ছাশ্রমে চলাচল উপযোগী করে দিয়েছি। পাশাপাশি সরকারিভাবে সড়কটি দ্রুত পাকাকরণের দাবিও জানাচ্ছি।
উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আমিনুল ইসলাম বলেন, রামগোপালপুর ইউনিয়নে স্বেচ্ছাশ্রমে সংস্কার করা কাঁচা সড়কটি খোঁজ নিয়ে সরকারি বরাদ্দপ্রাপ্তি সাপেক্ষে পাকাকরণে উদ্যোগ নেওয়া হবে।