আন্তর্জাতিক ফ্লিট রিভিউ
চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫ ১৯:৩৯ পিএম
শ্রীলংকান নৌবাহিনীর ৭৫ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে’ যোগ দিচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘প্রত্যয়’। ৪ দিনব্যাপী এ নৌ-সমাবেশ যোগ দিতে বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে চট্টগ্রাম ছেড়ে যায় যুদ্ধজাহাজটি।
নগরীর নেভাল জেটিতে নৌবাহিনীর ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী সুসজ্জিত বাদকদল বাদ্যযন্ত্র বাজিয়ে জাহাজটিকে বিদায় জানায়। এ সময় এডমিরাল মো. মঈনুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাহাজের কর্মকর্তা ও নাবিকদের উদ্দেশ্যে বক্তব্য দেন। এ সময় নৌ কর্মকর্তা ও নাবিকদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। নৌবাহিনী থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক এই ফ্লিট রিভিউতে বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি, পর্যবেক্ষক, সমর বিশারদ এবং নৌবাহিনীর জাহাজ অংশ নেবে। বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘প্রত্যয়’ এর অধিনায়ক ক্যাপ্টেন তৌহিদুল হক ভূঁইয়ার নেতৃত্বে ২৯ জন কর্মকর্তাসহ মোট ১৫০ জন নৌ সেনা এই নৌ-সমাবেশে অংশগ্রহণ করবে। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন, সমুদ্রপথে জলদস্যুতা, মাদক ও চোরাচালান, মানবপাচার ও অবৈধ মৎস্য আহরণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ, মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলায় সহযোগিতা জোরদারের এক মাইলফলক হবে। আন্তর্জাতিক ফ্লিট রিভিউ শেষে জাহাজটি আগামী ৫ ডিসেম্বর চট্টগ্রামে প্রত্যাবর্তন করার কথা রয়েছে।