কক্সবাজারের চকরিয়ায় যৌথবাহিনীর পৃথক অভিযানে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত ১৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) রাত থেকে বৃহস্পতিবার বিকাল (২০ নভেম্বর) পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে পরিচালিত এ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, নেজাম উদ্দিন (৫০), জহির আহমদ (৫৫), নেজাম উদ্দিন (৪৭), হারুনুর রশিদ (২৫), কাউছার (২১), মো. সাইফুল (২০), মো. জায়েছ (২২), নাছির উদ্দিন (৪০), মো. সাগর (২১), এনামুল হক (৪১), আব্দুর রশিদ (২৮), নুরুল আলম (৩৮) ও মহিউদ্দিন (৩৫)। তারা সবাই চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, এসব আসামি দীর্ঘদিন ধরে সাজা ও বিভিন্ন মামলার পরোয়ানা নিয়ে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত থেকেই যৌথ অভিযান শুরু হয়। আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।