লালমনিরহাট প্রতিবেদক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫ ১৭:১৭ পিএম
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জমির ড্রেন খুঁড়তে গিয়ে মাটির নিচ থেকে একটি পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের বড় কমলাবাড়ী পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কৃষক আব্দুল আজিজ (৭০) নিজের জমিতে সেচের পানি নামানোর জন্য ড্রেন খুঁড়ছিলেন। এ সময় তিনি মাটির নিচে একটি গোলাকার ধাতব বস্তু দেখতে পান। সন্দেহ হলে সেটি তুলে বাড়িতে নিয়ে আসেন। পরে বিষয়টি জানাজানি হলে গ্রামবাসী তার বাড়িতে ভিড় জমায়। খবর পেয়ে পুলিশ এসে গ্রেনেডটি জিম্মায় নেয়।
কৃষক আব্দুল আজিজ বলেন, মাটি খুঁড়তে গিয়েই গ্রেনেডটি পাই। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের হাতে এমন গ্রেনেড দেখেছি। সম্ভবত তখনকার সময়ের কোনো গ্রেনেডই এখানে মাটির নিচে ছিল।
আদিতমারী থানার ওসি আলী আকবর জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি মুক্তিযুদ্ধকালীন সময়ের গ্রেনেড। বহুদিন ধরে মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় ছিল। বিধি মোতাবেক গ্রেনেডটি নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে এবং আপাতত থানায় নিরাপদে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।