ফেনী প্রতিবেদক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫ ১৭:০৮ পিএম
প্রতীকী ছবি।
ফেনীতে ট্রেন থেকে পড়ে অজ্ঞাত কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে ফেনীর ফাজিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ মরহদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
রেলওয়ে সূত্রে জানা যায়, ফেনী সদর উপজেলার ফাজিলপুর মসজিদের পাশে লাকী শেখ আহাম্মদের বাড়ি সংলগ্ন ডাউন রেললাইনের পাশে অজ্ঞাত কিশোরের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। তার আনুমানিক বয়স ১৬-১৭ হবে। পরে বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষ জিআরপি পুলিশকে জানালে তারা এসে মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ফেনী জিআরপি পুলিশের ইনচার্জ দীপক দেওয়ান জানান, সম্ভবত চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যেতে ট্রেনের ছাদে উঠে ভ্রমণের সময় ট্রেন থেকে পড়ে তার মৃত্য হতে পারে। মৃত কিশোরের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।