ফেনী প্রতিবেদক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫ ১৭:০৮ পিএম
ফেনী সীমান্তে পৃথক অভিযানে ১ কোটি ৭ লাখ ৪৮ হাজার ১৭৫ টাকা মূল্যমানের ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে বিজিবি ফেনী ব্যাটালিয়নের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ও বৃহস্পতিবার ফেনী ব্যাটালিয়নের আওতাধীন ফুলগাজী, ছাগলনাইয়া, পরশুরাম এবং চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রিপিস, পাঞ্জাবি, চকলেট, মদ, গরু এবং এসব পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। জব্দকৃত সব মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭ লাখ ৪৮ হাজার ১৭৫ টাকা। তবে অভিযানে কোনো চোরাচালানকারীকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান বন্ধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত পণ্য শুল্ক অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।