চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২২ ১৩:৫৮ পিএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২ ১৪:৩৮ পিএম
চট্টগ্রামে শুরু ডিজিটাল উদ্ভাবনী মেলা। ছবি : প্রবা
চট্টগ্রামে শুরু হয়েছে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। এ মেলার আয়োজন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম হলে জেলা প্রশাসক আবুল বাসার ফখরুজ্জামান সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরে এ মেলার উদ্বোধন করেন।
জেলা প্রশাসক ফখরুজ্জামান বলেন, ‘এ মেলায় সরকারের ২২টি ও বেসরকারি ৪টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। যারা অনলাইন প্ল্যাটফরমের মাধ্যমে নাগরিক সেবা দিয়ে থাকে তাদের নিয়ে এ মেলার আয়োজন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ ডিজিটাল হয়েছে। এখন আমাদের স্বপ্ন স্মার্ট বাংলাদেশ। এজন্য সরকারের সব দপ্তরকে সেবার মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে।’
মেলার স্টল থেকে সরাসরি নাগরিকদের বিভিন্ন ধরনের সেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এ মেলা থেকে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্টের আবেদন, সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অন্তর্ভুক্তির আবেদন, অনলাইনে জিডি করা, ই-মিউটেশন, জন্ম-মৃত্যু নিবন্ধন, কোভিডের টিকা কার্ড সংশোধন, সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্স প্রদান, ট্রেড লাইসেন্সের আবেদন ও নবায়ন, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সব সেবা সরাসরি প্রদানের ব্যবস্থা রয়েছে। মেলায় বিআরটিএর স্টল থেকে ৫ হাজার ব্যক্তিকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু রায়হান দোলন ও সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।