প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫ ২০:৫৫ পিএম
দেশের বিভিন্ন স্থানে একাধিক নাশকতামূলক অগ্নিকাণ্ডের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) ভোরে নারায়ণগঞ্জের ফতুল্লায় পার্কিং করা একটি যাত্রীবাহী বাসে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিলে তা পুড়ে ছাই হয়ে যায়।
একই ভোরে ময়মনসিংহ রেলস্টেশনের ওয়াশপিটে দাঁড়িয়ে থাকা লোকাল ট্রেনের একটি বগিতেও আগুন ধরানোর চেষ্টা করা হয়। এর কয়েক ঘণ্টা আগে নওগাঁর রাণীনগরে গ্রামীণ ব্যাংকের বড়গাছা শাখার প্রবেশ গেটের সামনে ছালায় আগুন দিয়ে ভিডিও ছড়ানোর ঘটনা ঘটে, যদিও এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। প্রতিবেদকদের পাঠানো খবর—
নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের ফতুল্লায় অজ্ঞাত দুর্বৃত্তদের দেওয়া আগুনে পাকিং করা একটি যাত্রীবাহী বাস পুড়ে ছাই হয়ে গেছে। এসময় স্থানীয়রা দীর্ঘসময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনলেও ততক্ষনে বাসটির লোহার কঙ্কাল ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিলোনা।
বুধবার ভোর ৫টায় ফতুল্লার ইসদাইর অক্টোফিস এলাকায় সরকারী তোলারাম কলেজের ছাত্রবাসের সামনে এঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ-ব ১১-০০২৯ নম্বারে একটি বাস প্রতি রাতের মত মঙ্গলবার রাতেও সরকারী তোলারাম কলেজের ছাত্রবাসের সামনে পার্কিং করে চালক ও সহযোগী নিজ নিজ বাসায় চলে যায়। বুধবার ভোরে সেই বাসে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। এসময় আগুনে লেলিহান শিখা দেখে স্থানীয় লোকজন এগিয়ে এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।
বাসের মালিক বুলু দাস জানান, এর উপার্জন দিয়ে আমার সংসার চলতো। এখন দুর্বৃত্তদের দেওয়া আগুনে বাসের লোহার বডি ছাড়া আর কিছুই নেই, সব পুড়ে ছাই হয়ে গেছে।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে, দুর্বৃত্তদের সনাক্তের চেষ্টা চলছে।
ময়মনসিংহ : ময়মনসিংহ রেলস্টেশনের ওয়াশপিটে দাঁড়িয়ে থাকা ময়মনসিংহ থেকে নেত্রকোনার জারিয়াগামী লোকাল ট্রেনের বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই দ্রুততার সাথে তা নিয়ন্ত্রণে আনতে সমর্থ হন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বুধবার ভোর চারটার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে।
স্টেশন সুপার আব্দুল্লাহ আল হারুন জানান, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর তাৎক্ষণিক সাহসি ভূমিকার ফলে সেই অপচেষ্টা নস্যাৎ করা সম্ভব হয়েছে। আগুন বগির কয়েকটি সিটের বেশকিছু অংশ পুড়ে গেছে।
রাণীনগর (নওগাঁ): নওগাঁর রাণীনগরে গ্রামীণ ব্যাংকের বড়গাছা শাখা অফিসের প্রবেশ গেটের সামনে অগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতের কোন এক সময় উপজেলার গহেলাপুর এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের বড়গাছা শাখা অফিসের মূল গেটের সামনে এ আগুনের ঘটনা ঘটেছে।
বড়গাছা শাখা অফিস ম্যানেজার মো. লোটাস হোসেন বলেন, আগুনের একটি ভিডিও দেখে মনে হচ্ছে- দুর্বৃত্তরা উদ্দেশ্য প্রণোদিতভাবে অফিসের গেটের সামনে ছালায় (পাটের বস্তা) আগুন লাগিয়ে দিয়ে নিজেরাই ভিডিও করে ছড়িয়ে দিয়েছে।
এ ব্যাপারে রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে আগুনের কোন ঘটনা ঘটেনি। হয়তো পথচারীর ফেলে দেওয়া বিড়ি-সিগারেটের আগুন পাটের বস্তায় লেগে এই ধোঁয়ার সৃষ্টি হয়।