শিবচর (মাদারীপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫ ২০:২৩ পিএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৫ ২০:৩৭ পিএম
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কের মাদারীপুরের শিবচরে ডাকাতি হয়েছে। ডাকাতরা প্রাইভেটকার দিয়ে পথরোধ করে পিকআপ থামিয়ে দুই গরু ব্যবসায়ীকে কুপিয়ে চার লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। আহত ওই দুই ব্যবসায়ীকে উদ্ধার করে প্রথমে শিবচর স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) ভোর ৬টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের বন্দরখোলা চৌরাস্তা এলাকার সংযোগ সড়কে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শিবচরের পাঁচ্চর এলাকা থেকে পিকআপভ্যানে করে গরু কিনতে মাদারীপুরের রাজৈরের টেকেরহাট যাচ্ছিলেন দুই ব্যবসায়ী। তারা ভাঙ্গাগামী লেনের বন্দরখোলা চৌরাস্তার কাছে পৌঁছলে সামনে থাকা একটি প্রাইভেটকার তাদের গাড়ির গতিরোধ করে। এ সময় পিকআপভ্যান থামিয়ে বিষয়টি দেখার চেষ্টা করলে প্রাইভেটকারে থাকা ডাকাত দলের চার সদস্য তাদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে ব্যবসায়ীদের সঙ্গে থাকা চার লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ডাকাতরা।
আহতরা হলেনÑ পাঁচ্চর এলাকার রাজন মোল্লা ও আলাউদ্দিন দেওয়ান। আহত ব্যবসায়ী রাজন মোল্লা বলেন, আমরা পিকআপভ্যান নিয়ে টেকেরহাট যাচ্ছিলাম। ঘটনাস্থলে একটি প্রাইভেটকার রাস্তায় দাঁড় করানো দেখে ভেবেছিলাম গাড়িটি নষ্ট হয়ে গেছে। কিন্তু বিষয়টি দেখার চেষ্টা করতেই চার ডাকাত আমাদের ওপর হামলা চালায় এবং কুপিয়ে আহত করে টাকা নিয়ে পালিয়ে যায়।
শিবচর থানার ওসি রকিবুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।